সাভারকরকে নিয়ে স্মৃতিকথায় বিতর্ক, সোনিয়া গান্ধীকে ১৫ দিনের আইনি নোটিস! বই সংশোধনের দাবি পরিবারের

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্যে আপত্তি তুলে আইনি নোটিস পাঠালেন তাঁর প্রপৌত্র সত্যকি সাভারকর। বইয়ের দু’টি অংশ সংশোধন, প্রকাশ্যে ব্যাখ্যা ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। তাঁর লেখা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে (Vinayak Damodar Savarkar) নিয়ে করা দু’টি মন্তব্যে আপত্তি তুলেছে সাভারকর পরিবার। এই মর্মে সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর (Satyaki Savarkar)। বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন, প্রকাশ্যে ব্যাখ্যা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আইনজীবী সংগ্রাম কোলহাটকরের (Sangram Kolhatkar) মাধ্যমে পাঠানো ওই নোটিসে বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতার বক্তব্য নিয়ে আপত্তি জানানো হয়েছে। সত্যকি সাভারকরের দাবি, ওই অংশগুলিতে সাভারকরের ভূমিকা ও রাজনৈতিক দর্শনকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে বিভ্রান্তিকর এবং তাঁর পূর্বপুরুষের সুনামের পক্ষে ক্ষতিকর।

বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচার ও কারাবাসের শিকার হচ্ছিলেন, তখন আরএসএসের (RSS) প্রবীণ মতাদর্শীদের মধ্যে সাভারকরের মতো ব্যক্তিরা ঔপনিবেশিক শাসকদের কাছে ক্ষমাপ্রার্থনার চিঠি লিখছিলেন। পাশাপাশি, তাঁদের সংগঠনের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে খবরদাতা হিসেবে কাজ করছিলেন বলেও উল্লেখ রয়েছে।

এই বক্তব্যের বিরুদ্ধেই মূলত সরব হয়েছে সাভারকর পরিবার। সত্যকির অভিযোগ, বইয়ের এই অংশ থেকে এমন ধারণা তৈরি হয় যে, সাভারকর ব্রিটিশদের কাছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে তথ্য দিতেন অথবা তাঁদের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসকদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। তাঁর দাবি, সাভারকরের কারাবাস, ক্ষমাপ্রার্থনার আবেদন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই এমন মন্তব্য করা হয়েছে। আন্দামানের সেলুলার জেলে তাঁর দীর্ঘ কারাবাস ও কঠিন পরিস্থিতির কথাও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে নোটিসে অভিযোগ করা হয়েছে।

বিতর্কের দ্বিতীয় কেন্দ্র বইয়ের ৪৪৩ নম্বর পাতা। সেখানে সাভারকরকে হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দেওয়া হয়েছে। বইয়ের বক্তব্য অনুযায়ী, সাভারকরের ভাবনায় ভারত এমন একটি দেশ, যেখানে হিন্দুরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে আরএসএস, বিজেপি (BJP) এবং সংঘ পরিবারের আদর্শের যোগসূত্রও তুলে ধরা হয়েছে।

সত্যকি সাভারকরের আপত্তি, এই বর্ণনা তাঁর পূর্বপুরুষের রাজনৈতিক ও আদর্শগত চিন্তাধারাকে অতিসরলীকরণ করেছে। তাঁর দাবি, সাভারকরের লেখা, বক্তৃতা এবং রাজনৈতিক দর্শনকে যথাযথ ঐতিহাসিক ও বৌদ্ধিক প্রেক্ষাপটে বিচার করা প্রয়োজন। একটি নির্দিষ্ট মন্তব্যের মাধ্যমে তাঁর সম্পূর্ণ রাজনৈতিক দর্শনকে ব্যাখ্যা করা বিভ্রান্তিকর বলেই মনে করছে সাভারকর পরিবার।

আইনি নোটিসে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত লিখিত ক্ষমা এবং প্রকাশ্যে ব্যাখ্যা দাবি করা হয়েছে। পাশাপাশি, প্রকাশক হার্পারকলিন্স ইন্ডিয়া (HarperCollins Publishers India)-র সঙ্গে আলোচনা করে পরবর্তী সংস্করণ, পুনর্মুদ্রণ এবং ডিজিটাল সংস্করণ থেকে বিতর্কিত অংশগুলি সংশোধন, প্রয়োজনীয় ব্যাখ্যা-সহ প্রকাশ অথবা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যপ্রমাণ থাকলে তা প্রকাশ্যে তুলে ধরতে হবে।

নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিগুলির জবাব না মিললে পুনে জেলা আদালতে উপযুক্ত আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন সত্যকি সাভারকর। তবে এখনও পর্যন্ত এই আইনি নোটিসের জবাবে সোনিয়া গান্ধী বা প্রকাশক সংস্থার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা প্রকাশ্যে আসেনি। ফলে স্মৃতিকথার বিতর্ক শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায় কি না, এখন সেদিকেই নজর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর