উত্তরপ্রদেশ বিধানসভা ভোট, প্রথম দফায় কংগ্রেসকে ২৬ আসন ছাড়ল সমাজবাদী পার্টি

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে জোটের আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে সপা। ১৩০টি আসনের তালিকা এবং জয়ের সম্ভাবনা নিয়ে দিল্লিতে চলছে দুই দলের আলোচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোটের আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। মঙ্গলবার দিল্লিতে দুই দলের দ্বিতীয় দফার বৈঠকের আগে এই প্রস্তাবের কথা জানান সপা-র রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব। কংগ্রেসের দেওয়া আসনের তালিকা খতিয়ে দেখে এই প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। তবে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।

কোন হিসাবের ভিত্তিতে ২৬টি আসন বেছে নেওয়া হয়েছে, তা-ও ব্যাখ্যা করেছেন রামগোপাল। তাঁর বক্তব্য, প্রস্তাবিত আসনগুলির মধ্যে দু’টিতে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস। আরও চারটি আসনে দ্বিতীয় স্থানে ছিল হাত শিবির। বাকি ২০টি আসনে গত নির্বাচনে সপা ৬০ থেকে ৭০ হাজার ভোট পেয়েছিল, সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল প্রায় ২ হাজার।

অন্য দিকে, উত্তরপ্রদেশে জোটের আলোচনায় কংগ্রেস প্রথমে ১৮১টি আসনে লড়ার দাবি জানিয়েছিল বলে খবর। পরে সেই দাবি কমিয়ে ১৩০টি আসনের তালিকা সপা-র হাতে তুলে দেওয়া হয়। কংগ্রেসের বক্তব্য, রাজ্যের বিভিন্ন এলাকায় দলের সাংগঠনিক শক্তি এবং জয়ের সম্ভাবনা বিবেচনা করেই আসন চাওয়া হয়েছে।

কংগ্রেসের উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম জানিয়েছেন, রায়বরেলী, সাহারানপুর, বারাবাঁকি, সীতাপুর, আমেঠী ও প্রয়াগরাজের মতো লোকসভা কেন্দ্রগুলির অধীনে থাকা বিধানসভা আসনগুলিতে দলকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের ৭৫টি জেলার প্রতিটিতে অন্তত একটি করে আসন চেয়েছে কংগ্রেস।

সপা-র তরফে অবশ্য আসন বণ্টনের ক্ষেত্রে জয়ের সম্ভাবনাকেই প্রধান মাপকাঠি করা হচ্ছে। রামগোপাল যাদবের বক্তব্য, কোন আসনে কোন দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, তা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবারের বৈঠকে ২৬টি আসনের প্রস্তাব এবং কংগ্রেসের দাবির মধ্যে সমন্বয় করার চেষ্টা চলছে।

উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। ২০২২ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি ১১১টি আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস জিতেছিল মাত্র দু’টি আসনে। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুই দল একসঙ্গে লড়ে ভালো ফল করে। ওই নির্বাচনে উত্তরপ্রদেশে সপা ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর