যৌন হেনস্থার অভিযোগের পর এ বার বাংলা অকাদেমিতে দুর্নীতি! ব্রাত্য বসুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় পুরস্কার প্রদান ও বই প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে ব্রাত্য বসুর বিরুদ্ধে। কমিশনে নথি জমা পড়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এ বার বাংলা অকাদেমির কাজকর্ম ঘিরে দুর্নীতির অভিযোগ জমা পড়ল রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে। অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন বিভিন্ন পুরস্কার প্রদান এবং বই ছাপানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জমা পড়া নথি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি ওই কমিশনের নেতৃত্বে রয়েছেন।

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিযোগে দাবি করা হয়েছে, বাংলা অকাদেমির চেয়ারম্যান থাকাকালীন ব্রাত্য বসু একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। অকাদেমির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন পুরস্কার এবং বই প্রকাশের প্রক্রিয়ায় অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

এই অভিযোগের সমর্থনে বেশ কিছু নথিও কমিশনের দফতরে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। তবে তদন্তের পরিধি কতটা, কোন কোন নির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হবে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়াও এই মুহূর্তে সামনে আসেনি।

ব্রাত্যকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে দুই মহিলা তাঁর বিরুদ্ধে ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তাঁদের দাবি, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ বিভিন্ন ভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে ব্রাত্য বসুর বিরুদ্ধে জ়িরো এফআইআর দায়ের হয়েছে।

অভিযোগগুলি অবশ্য অস্বীকার করেছেন ব্রাত্য। তাঁর বক্তব্য, অভিযোগকারিণীকে তিনি চোখেই দেখেননি। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। এক অভিযোগকারিণীর বিরুদ্ধেই পাল্টা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পর তাঁর নাম অভিযোগে জড়ানো হয়েছে এবং এর পিছনে ব্যক্তিগত প্রতিহিংসা থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন ব্রাত্য। আইনি পদক্ষেপের কথাও জানিয়েছিলেন তিনি।

ব্রাত্য বসু ছাড়াও রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুজোর পাস সংক্রান্ত মামলায় ইন্দ্রনীল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।

এ বার বাংলা অকাদেমির পুরস্কার ও বই প্রকাশের কাজ নিয়ে ওঠা অভিযোগের তদন্তে কী উঠে আসে, সেটাই গুরুত্বপূর্ণ। আপাতত কমিশনের নির্দেশের পর তদন্তের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর