শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরানো হল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। সোমবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নেন। আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা ছাড়া তিনি কেমন থাকেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখনও তাঁকে সম্পূর্ণ বিপন্মুক্ত ঘোষণা করেননি চিকিৎসকেরা।
সোমবার সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর অর্চনা জানান, আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন রেখা। অল্পস্বল্প কথাও বলছেন তিনি। মুখ দিয়ে এক-দু’ফোঁটা জলও খেতে পেরেছেন।
অর্চনার বক্তব্য অনুযায়ী, অসুস্থ অবস্থায় রেখার মুখের ভিতরে অতিরিক্ত লালা জমে গিয়েছিল। পুরোপুরি সচেতন না থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করে। বুকের সিটি স্ক্যানে বিষয়টি ধরা পড়ার পর অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন চিকিৎসকেরা।
বিজেপি নেত্রী আরও জানিয়েছেন, রেখার হৃদ্স্পন্দনের হার এখনও বেশি। শরীরে বিষের প্রভাব রয়েছে বলেও তাঁর দাবি। তবে কিডনির কার্যকারিতায় কোনও সমস্যা ধরা পড়েনি। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলেও তা আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে রয়েছেন বিধায়ক। তাঁর চিকিৎসায় নেফ্রোলজি ও টক্সিকোলজি বিশেষজ্ঞরাও যুক্ত রয়েছেন। আগামী চার দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থার ঝুঁকি কতটা কমেছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্চনা।
শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা চলে প্রায় চার ঘণ্টা। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার ভোরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়ায় ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল।
বসিরহাট হাসপাতালের রেফারেল নথিতে পরিবারের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছিল, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ প্রবেশ করেছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনও পরীক্ষার রিপোর্টের অপেক্ষায়। আপাতত চিকিৎসকদের নজর, ভেন্টিলেটর ছাড়া তাঁর শ্বাসপ্রশ্বাস ও অন্যান্য শারীরিক সূচক কতটা স্থিতিশীল থাকে।



