সব দোষ থুতুর! ‘কোভিড তো বহু দিন আগেই শেষ!’ টেস্ট ড্র হতেই ব্যর্থতা ঢাকলেন শুভমন

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর আইসিসির বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন শুভমন গিল। একই সঙ্গে বোলারদের ক্লান্তি, ড্রয়ের সিদ্ধান্ত এবং মহম্মদ সিরাজকে প্রথম একাদশের বাইরে রাখার কারণও জানালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জয়ের সুযোগ পেয়েও প্রথম টেস্ট ড্র করেছে ভারত। ১২০ ওভার বল করেও কিউয়িদের শেষ পাঁচটি উইকেট তুলে নিতে পারেননি জসপ্রীত বুমরাহ, আকাশ দীপরা। ম্যাচের ফলাফল নিয়ে হতাশা লুকোননি ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তবে বোলারদের ব্যর্থতা এবং পিচের চরিত্র নিয়ে আলোচনার পাশাপাশি এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) একটি নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, কোভিড অতিমারি শেষ হওয়ার এত বছর পরেও ক্রিকেট বলে থুতু লাগানোর অনুমতি কেন দেওয়া হচ্ছে না?

২০২০ সালের মে মাসে কোভিড অতিমারির কারণে ক্রিকেট বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। বর্তমানে বোলারেরা বলের পালিশ বজায় রাখতে ঘাম ব্যবহার করতে পারেন, কিন্তু থুতু লাগাতে পারেন না। শুভমনের মতে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরনো বলে রিভার্স সুইং পাওয়ার ক্ষেত্রে এই নিয়মের প্রভাব পড়তে পারে।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, “আমি জানি না, কেন বলে থুতু লাগানো যাবে না। কোভিড অতিমারি তো বহু বছর চলে গিয়েছে। এখনও কেন এই অনুমতি নেই, কে জানে?” তাঁর এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওয়েলিংটন টেস্টে ভারতের সামনে জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ আটটি উইকেট তুলে নেওয়া। কিন্তু সারাদিন চেষ্টা করেও মাত্র পাঁচটি উইকেট নিতে পেরেছে ভারতীয় বোলারেরা। দ্বিতীয় ইনিংসে নিউ জ়িল্যান্ড ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তোলে। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্সের প্রতিরোধে ম্যাচ ড্র হয়ে যায়।

ম্যাচের পর হতাশা প্রকাশ করে শুভমন বলেন, “খুব হতাশ লাগছে। আমরা ভাল জায়গায় ছিলাম। এখন টেস্ট ক্রিকেটে ড্র খুব একটা দেখা যায় না। অথচ শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।”

ভারতের চার পেসার দ্বিতীয় ইনিংসে সম্মিলিতভাবে ৮১ ওভার বল করেও উল্লেখযোগ্য সাফল্য পাননি। পিচ থেকে বোলারদের জন্য বিশেষ সাহায্য ছিল না। পুরনো বলেও প্রত্যাশিত রিভার্স সুইং না পাওয়ায় সমস্যা আরও বেড়েছিল। সেই পরিস্থিতিতেই থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন ভারত অধিনায়ক।

তবে শুধু আইসিসির নিয়মকেই দায়ী করেননি শুভমন। ভারতীয় দলের কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার কথাও স্বীকার করেছেন তিনি। তাঁর মতে, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি ফিল্ডারেরা।

প্রথম ইনিংসে ভারতের পারফরম্যান্স নিয়ে অবশ্য যথেষ্ট সন্তুষ্ট অধিনায়ক। তাঁর বক্তব্য, ব্যাটিং এবং বোলিং—দুই বিভাগেই দল প্রতিপক্ষকে চাপে রেখেছিল। ভারতীয় ব্যাটারেরা ৭০০ রানের বেশি করেছেন। দলের দুই ব্যাটার শতরানও পেয়েছেন। প্রথম ইনিংসে বোলারেরাও ভাল পারফরম্যান্স করেছেন বলে মনে করেন তিনি।

ম্যাচের শেষ দিকে ড্রয়ের সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন শুভমন। খেলা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে দুই দলের অধিনায়ক হাত মেলানোর সিদ্ধান্ত নেন। সেই সময় সাজঘরে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করছিলেন ভারত অধিনায়ক।

শুভমন জানিয়েছেন, উইকেট থেকে যদি আরও কিছুটা সাহায্য পাওয়া যেত, তাহলে তাঁরা খেলা চালিয়ে যেতেন। কিন্তু ভারতীয় পেসারেরা ইতিমধ্যেই ৫০ ওভারের বেশি বল করে ফেলেছিলেন। তাঁদের ক্লান্তির বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল। সামনে দ্বিতীয় টেস্টের আগে যাত্রা এবং বিশ্রামের বিষয় ছিল। তাই বোলারদের অতিরিক্ত ধকল না দিয়ে ড্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশের বাইরে রাখা নিয়েও মুখ খুলেছেন শুভমন। দল নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও অধিনায়কের বক্তব্য, পিচ এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শুভমন বলেন, “সিরাজ আমার খুব ভাল বন্ধু। ওকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত আমাদের কাছে কঠিন ছিল। খেলা শুরুর আগে ওকে জানিয়েছিলাম। কখনও কখনও পিচ ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হয়, কে সেই ম্যাচে ভাল খেলবে। এটাই একমাত্র কারণ।”

চার দিন পর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজ়ের দ্বিতীয় তথা শেষ টেস্ট। ওয়েলিংটনের তুলনায় সেখানে ভাল পিচ পাওয়ার আশা করছেন ভারত অধিনায়ক। প্রথম টেস্টে বোলারেরা যে পরিশ্রম করেছেন, দ্বিতীয় ম্যাচেও একই চেষ্টা বজায় রাখতে চান তাঁরা। ড্রয়ের হতাশা কাটিয়ে শেষ টেস্টে জয়ের লক্ষ্যেই নামতে চাইছে শুভমন গিলের দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর