বিবাহবিচ্ছেদের মামলা চললেও শ্বশুরবাড়ির নির্দিষ্ট বাড়িতে অনির্দিষ্টকাল থাকার নিরঙ্কুশ অধিকার নেই স্ত্রীর। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিরোধের মধ্যে থাকা এক মহিলাকে তাঁর ছেলে-সহ শ্বশুরবাড়ির বাড়ি ছাড়ার নির্দেশ বহাল রেখেছে আদালত। তবে মহিলার পাশাপাশি দ্বাদশ শ্রেণিতে পড়া ছেলের জন্য উপযুক্ত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে শ্বশুরবাড়ির প্রবীণ মালিকদের। ১৯ নভেম্বরের রায়ে বিচারপতি স্বর্ণকান্তা শর্মা (Justice Swarana Kanta Sharma) এই নির্দেশ দিয়েছেন।
মামলাটি মূলত এক মহিলা ও তাঁর শ্বশুর-শাশুড়ির মধ্যে বাড়িতে বসবাসের অধিকার নিয়ে বিরোধ। ২০০৮ সালে বিয়ে হওয়ার পর থেকে স্বামীর বাবা-মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকতেন মহিলা। তাঁদের একটি ছেলেও রয়েছে, যার জন্ম ২০০৯ সালে। বাড়ির একতলায় মহিলা ও তাঁর ছেলে থাকতেন। অন্যদিকে, শ্বশুর-শাশুড়ি থাকতেন দোতলায়। তাঁদের বয়স যথাক্রমে প্রায় ৭০ ও ৬৪ বছর।
২০১৬ সালে স্বামী বাড়ি ছেড়ে চলে যান। এর পর স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। মহিলার অভিযোগ ছিল, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তিনি নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছেন। সেই অভিযোগে তিনি গার্হস্থ্য হিংসা আইনে মামলা করেন। অন্যদিকে, স্বামী বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। দু’টি মামলাই এখনও বিচারাধীন।
বাড়িতে বসবাসের অধিকার নিয়ে বিরোধ আরও বাড়ে ২০২৫ সালে। শ্বশুর-শাশুড়ি প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য তৈরি আইন, অর্থাৎ মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act), ২০০৭-এর অধীনে জেলাশাসকের কাছে আবেদন করেন। তাঁদের অভিযোগ ছিল, পুত্রবধূর সঙ্গে বিরোধের জেরে তাঁদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এবং বাড়ির সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রথমে জেলাশাসক ২০২৫ সালের ডিসেম্বরে তাঁদের আবেদন খারিজ করে দেন। একই বাড়িতে আলাদা অংশে থাকার এবং একে অপরের কাজে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশনাল কমিশনারের কাছে আবেদন করেন শ্বশুর-শাশুড়ি। চলতি বছরের ৬ অগস্ট কমিশনার তাঁদের আবেদন মঞ্জুর করে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করার পর মহিলা ও তাঁর ছেলেকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে যান মহিলা।
কেন বাড়ি ছাড়ার নির্দেশ বহাল রাখল আদালত?
বিচারপতি স্বর্ণকান্তা শর্মার পর্যবেক্ষণ, গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন (Protection of Women from Domestic Violence Act), ২০০৫ অনুযায়ী কোনও মহিলার বসবাসের অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে শ্বশুরবাড়ির নির্দিষ্ট একটি সম্পত্তিতে আজীবন বা শর্তহীনভাবে থাকার অধিকার হিসেবে দেখা যায় না।
আদালত জানিয়েছে, কোনও মহিলার বাসস্থানের অধিকার সুরক্ষিত রাখতে বিকল্প উপযুক্ত বাড়ির ব্যবস্থা করেও আইনের উদ্দেশ্য পূরণ করা সম্ভব। অর্থাৎ, বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তাঁকে বা তাঁর সন্তানকে বাসস্থানহীন করে রাখা যাবে না।
এই মামলায় আদালত আরও লক্ষ্য করেছে, একই বাড়িতে দুই পক্ষের আলাদা থাকার জায়গা থাকলেও সিঁড়ি, বারান্দা ও ছাদ ব্যবহারের ক্ষেত্রে তাঁদের একে অপরের উপর নির্ভর করতে হত। সম্পর্কের অবনতি এতটাই হয়েছিল যে বাড়ির সাধারণ জায়গায় যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পরিষেবা নিয়েও বাধা ও বিরোধ তৈরি হচ্ছিল।
আদালতের মতে, প্রায় এক দশক ধরে চলা পারিবারিক সংঘাতের মধ্যে ৭০ ও ৬৪ বছর বয়সি প্রবীণ বাবা-মাকে বাকি জীবন কাটাতে বাধ্য করা যায় না। তাঁদেরও নিজের বাড়িতে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে।
বিকল্প বাড়ি নিয়েও আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
তবে আদালত শুধু শ্বশুর-শাশুড়ির অধিকারকেই গুরুত্ব দেয়নি। মহিলার দীর্ঘদিনের বসবাস এবং তাঁর সন্তানের পড়াশোনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
আদালত জানিয়েছে, ডিভিশনাল কমিশনারের নির্দেশে বিকল্প বাসস্থানের কথা বলা হলেও সেটি কেমন হবে, কত দিন দেওয়া হবে এবং বাড়িভাড়া কে বহন করবেন—এসব বিষয়ে পর্যাপ্ত স্পষ্টতা ছিল না। পাশাপাশি, ২০০৮ সাল থেকে ওই বাড়িতে থাকা মহিলা ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছেলেকে মাত্র তিন সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়তে বলা যুক্তিসঙ্গত নয় বলেও আদালত মনে করেছে।
অর্থাৎ, বাড়ি ছাড়ার নির্দেশ বহাল থাকলেও বিকল্প বাসস্থানের মান, সময়সীমা এবং ভাড়ার দায়িত্বের মতো বিষয়গুলি স্পষ্ট হওয়া প্রয়োজন।
গার্হস্থ্য হিংসা আইনে স্ত্রীর বাসস্থানের অধিকার কী?
গার্হস্থ্য হিংসা আইনের ১৯ নম্বর ধারায় (Section 19) কোনও নির্যাতিত মহিলার shared household বা যৌথ পারিবারিক বাড়িতে থাকার অধিকার স্বীকৃত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, সম্পত্তির মালিকানা বা পরিবারের অন্য সদস্যদের অধিকার সম্পূর্ণ উপেক্ষা করে তাঁকে যে কোনও পরিস্থিতিতে নির্দিষ্ট বাড়িতে থাকতে দিতে হবে।
আইন অনুযায়ী, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কোনও মহিলাকে তাঁর বাসস্থান থেকে উচ্ছেদ করা যায় না। আবার প্রয়োজন অনুযায়ী বিকল্প বাসস্থান অথবা তার ভাড়ার ব্যবস্থাও করা যেতে পারে।
আইনজ্ঞরা বলছেন এই রায়ের তাৎপর্য হল, বিবাহবিচ্ছেদ বা গার্হস্থ্য হিংসার মামলা চলার সময় স্ত্রীর বাসস্থানের অধিকার এবং প্রবীণ শ্বশুর-শাশুড়ির সম্পত্তি ও শান্তিতে বসবাসের অধিকার—দু’দিকই বিবেচনা করতে হবে। তবে কোনও মহিলাকে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে, এমন সিদ্ধান্ত এই রায়ের অর্থ নয়।



