অভিষেকের রক্ষাকবচ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল হাই কোর্ট, আপত্তি রাজ্যের! সুপ্রিম কোর্টে SLP দায়ের

কালীতলা, রবীন্দ্রনগর ও বিষ্ণুপুর থানার চারটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বাড়াল কলকাতা হাই কোর্ট। নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে SLP দায়েরের কথা জানাল রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনি রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলিতে কোনওরকম কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অন্তর্বর্তী সুরক্ষা বহাল থাকবে। তবে হাই কোর্টের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) স্পেশাল লিভ পিটিশন বা SLP দায়ের করা হয়েছে।

সোমবারের শুনানিতে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কালীতলা, রবীন্দ্রনগর এবং বিষ্ণুপুর থানার মামলাগুলিতে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন বিবেচনা করে আদালত। তবে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা না পড়ায় একটি মামলায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

চারটি এফআইআর-এ রক্ষাকবচ, রিপোর্ট না মেলায় বিচারপতির প্রশ্ন

আদালত সূত্রে জানা গিয়েছে, কালীতলা (আশুতি), রবীন্দ্রনগর থানার ২১৩ নম্বর এফআইআর এবং বিষ্ণুপুর থানার ৭৫৩ ও ৮৮৪ নম্বর এফআইআর-সহ মোট চারটি মামলায় এই সুরক্ষা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, অভিষেকের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ করা যাবে না।

শুনানিতে একটি মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বিষ্ণুপুর থানার ৮৮৪ নম্বর এফআইআর-এর ক্ষেত্রে কেন স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়নি, তা জানতে চান তিনি। তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এজলাসে তিনি প্রশ্ন করেন, একই থানার একজন তদন্তকারী আধিকারিক রিপোর্ট জমা দিচ্ছেন, অথচ অন্যজন কেন তা করছেন না? তদন্তের ক্ষেত্রে এই ধরনের গাছাড়া মনোভাব কেন, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

রাজ্যের হয়ে উপস্থিত অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যোগাযোগের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকার কারণেই রিপোর্ট জমা পড়েনি।

হাই কোর্টের নির্দেশে আপত্তি রাজ্যের, সুপ্রিম কোর্টে SLP

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে আদালতে সওয়াল করে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীদের বক্তব্য, মামলাগুলির তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। তাই এই ধরনের অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখার বিষয়ে আপত্তি রয়েছে সরকারের।

রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition বা SLP) দায়ের করেছে রাজ্য।

অন্যদিকে, অভিষেকের আইনজীবী গোপাল শংকরনারায়ণ রাজ্যের দায়ের করা এসএলপির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনটি ত্রুটিপূর্ণ।

এর আগে ২০ নভেম্বরও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচ ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বাড়িয়েছিল। সেই মামলায় রাজ্যের আপত্তি সত্ত্বেও আদালত জানিয়েছিল, পরিস্থিতির এমন কোনও পরিবর্তন দেখানো যায়নি, যার ভিত্তিতে সুরক্ষা প্রত্যাহার করা প্রয়োজন। পাশাপাশি তদন্তে অভিষেক অসহযোগিতা করছেন, এমন প্রমাণও রাজ্য দেখাতে পারেনি বলে পর্যবেক্ষণ ছিল আদালতের।

ফলে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন এফআইআর, তদন্তের অগ্রগতি এবং আদালতের অন্তর্বর্তী নির্দেশ—সব মিলিয়ে আইনি লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিকে হাই কোর্টে রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ, অন্যদিকে সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যালেঞ্জ। এবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর