ওডিশায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক মহিলা এবং তাঁর দুই প্রেমিক। পুলিশের দাবি, স্বামী সুদাম নাগকে খুনের পরিকল্পনা বাস্তবায়িত করতে নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে ৪৫ হাজার টাকা জোগাড় করেছিলেন স্ত্রী কবিতা নাগ। সেই টাকায় কেনা হয়েছিল দেশি পিস্তল ও গুলি। গত ১৭ নভেম্বর সুবর্ণপুর জেলার পঙ্কেল চক এলাকায় গুলি করে খুন করা হয় সুদামকে। ঘটনার তদন্তে নেমে কবিতা এবং তাঁর দুই সহযোগী ত্রিলোচন বাগ ও যুবরাজ সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবিতার সঙ্গে যুবরাজের প্রায় ১২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সুদামের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও যুবরাজের সঙ্গে যোগাযোগ বজায় ছিল বলে তদন্তকারীদের দাবি। এরই মধ্যে ত্রিলোচন বাগ ওরফে টিঙ্কু ওরফে টিকেচন্দরের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয় কবিতার। ত্রিলোচনের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে আপত্তি ছিল সুদামের। এমনকি তাঁকে ওই ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে নিষেধও করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো।
তদন্তকারীদের অভিযোগ, সেই পারিবারিক অশান্তি থেকেই সুদামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন কবিতা, যুবরাজ ও ত্রিলোচন। খুনের জন্য আগ্নেয়াস্ত্র কেনার টাকা জোগাড় করতে নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রাখেন কবিতা। ত্রিলোচনের মাধ্যমে একটি দোকানে সেটি বন্ধক দিয়ে ৪৫ হাজার টাকা পাওয়া যায়। পরে রৌরকেল্লার এক ব্যক্তির মাধ্যমে দেশি পিস্তল ও গুলি কেনা হয় বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র কেনার জন্য নগদ টাকার পাশাপাশি অনলাইনেও লেনদেন হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
শুধু অস্ত্র কেনাই নয়, সুদামের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, যুবরাজ ফোনে কবিতাকে সুদামের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিতেন। কবিতা সেই তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ত্রিলোচনের কাছে পৌঁছে দিতেন। বেশ কয়েক দিন ধরে এভাবে নজরদারি চালানোর পর হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
গত ১৭ নভেম্বর সুবর্ণপুর জেলার পঙ্কেল চক এলাকায় সুদামের উপর হামলা চালানো হয়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রথমে তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালান ত্রিলোচন। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাওয়ার পরেও রেহাই মেলেনি। অভিযোগ, এরপর আরও দু’রাউন্ড গুলি চালানো হয় তাঁর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদামের।
খুনের পর পুলিশের সন্দেহ এড়াতে অন্য কৌশল নেন কবিতা, এমনটাই দাবি তদন্তকারীদের। স্বামীকে খুনের অভিযোগ জানিয়ে নিজেই থানায় যান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু ঘটনার বিভিন্ন তথ্য, মোবাইল ফোনের যোগাযোগ এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের সন্দেহের তালিকায় উঠে আসে কবিতা ও তাঁর দুই সহযোগীর নাম।
এরপর তদন্তের সূত্র ধরে কবিতা, ত্রিলোচন ও যুবরাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুদামের ব্যবহৃত মোবাইল ফোনের পাশাপাশি আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়াও দু’টি মোটরবাইক এবং খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, গোটা ঘটনায় তিনজনের ভূমিকা ছিল আলাদা। সুদামের গতিবিধির খবর পৌঁছে দেওয়া থেকে শুরু করে অস্ত্রের ব্যবস্থা এবং হামলা চালানো—প্রতিটি পর্যায়েই পরিকল্পনা করে এগিয়েছিলেন অভিযুক্তরা। তবে উদ্ধার হওয়া অস্ত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত চলছে।



