দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি এবং ছোটা শাকিলের ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি পুলিশের গুলিতে নিহত। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, হত্যা, ডাকাতি-সহ অন্তত ২৫টি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল নাসিম। উত্তর-পূর্ব দিল্লিতে এক যুবককে গুলি করে খুনের ঘটনাতেও তার নাম উঠে এসেছিল। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা।
৩৭ বছর বয়সি নাসিম দুরানি অপরাধজগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিল। তদন্তকারীদের দাবি, আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে তার যোগাযোগ ছিল। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে পুলিশের দাবি। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের দাবি, নাসিমের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ ২৫টিরও বেশি মামলা ছিল। তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা এই গ্যাংস্টার উত্তর-পূর্ব দিল্লিতে নিজের অপরাধচক্রের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল বলে পুলিশের দাবি।
নাসিমের বিরুদ্ধে সাম্প্রতিকতম অভিযোগ, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহার এলাকার খাজুরি খাসে যুবক সামিরকে গুলি করে খুনের ঘটনায় তার যোগ ছিল। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের বিধায়ক শিবির কার্যালয়ের কাছেই ঘটনাটি ঘটে। পুলিশি তদন্তে উঠে এসেছে, হামলাকারীরা সামিরকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালিয়েছিল। তবে ঘটনাটির পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, এমন কোনও তথ্য পুলিশ প্রাথমিকভাবে জানায়নি। ব্যক্তিগত শত্রুতা ও গ্যাংয়ের বিবাদকে তদন্তের অন্যতম দিক হিসেবে দেখা হচ্ছিল।
উত্তর-পূর্ব দিল্লিতে অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে হারুন সাইফি ও রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গোষ্ঠীর সঙ্গে নাসিমের বিরোধ ছিল বলে তদন্তকারীদের দাবি। মাদক কারবার, জুয়া এবং তোলাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপের নিয়ন্ত্রণ নিয়ে এই গোষ্ঠীগুলির মধ্যে সংঘাত চলছিল বলে জানা গিয়েছে। চলতি বছরের মে মাসে রাজা মেওয়াতির হত্যাকাণ্ডেও নাসিমের নাম উঠে এসেছিল বলে পুলিশি সূত্রের দাবি।
নাসিমের অপরাধজগতের যোগাযোগের ইতিহাসও দীর্ঘ। তদন্তকারীদের দাবি, ২০১৬ সালে তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার ছোট রাজনকে হত্যার ষড়যন্ত্রে তাকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন ছোটা শাকিল। পাকিস্তানি-কানাডীয় লেখক ও সাংবাদিক তারেক ফতেহকে হত্যার ষড়যন্ত্র এবং প্রাণনাশের হুমকির মামলাতেও নাসিমের নাম উঠে এসেছিল। এই সংক্রান্ত অভিযোগে অতীতে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুলন্দশহরে নাসিমের গতিবিধির উপর নজরদারি শুরু করে যৌথ পুলিশবাহিনী। এরপর তাকে ধরতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, সেই অভিযান চলাকালীনই গুলির লড়াই শুরু হয় এবং তাতে মৃত্যু হয় নাসিমের। এই এনকাউন্টারের পর উত্তর-পূর্ব দিল্লির অপরাধচক্রগুলির মধ্যে কী প্রভাব পড়ে, এখন সেদিকেও নজর তদন্তকারীদের।



