বন্দে মাতরম্-এর পরেই শ্যামাপ্রসাদ! আগামী শিক্ষাবর্ষে রাজ্যের সব পাঠ্যবইয়ে থাকবে ‘ভারত কেশরী’-র জীবনী ও অবদান

আগামী শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি স্কুলের পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও ছবি রাখার উদ্যোগ। ইংরেজির পাশাপাশি বাংলা, ভূগোল ও বিজ্ঞান বইয়েও সংযোজনের সম্ভাবনা ঘিরে প্রশ্ন শিক্ষকদের একাংশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের স্কুলের পাঠ্যবইয়ে বড়সড় পরিবর্তনের উদ্যোগ। আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলের পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) জীবনী ও অবদান। শুধু ইতিহাস নয়, বাংলা, ইংরেজি, ভূগোল ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ের বইয়ের শুরুতেও তাঁর ছবি এবং পরিচিতি রাখার পরিকল্পনা রয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, বন্দে মাতরম্-এর পরের পৃষ্ঠাতেই থাকবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও তাঁর সম্পর্কে লেখা।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে এই সংযোজন ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, ইংরেজি বইয়ে শ্যামাপ্রসাদের ছবি ও জীবনী রাখার ব্যবস্থা হয়েছে। সেই সূত্র ধরেই অন্যান্য বিষয়ের পাঠ্যবইয়েও একই ধরনের সংযোজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিলেবাস কমিটির তরফে বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ফলে আগামী শিক্ষাবর্ষে ঠিক কোন কোন বইয়ে কীভাবে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা নিয়ে আনুষ্ঠানিক স্পষ্টীকরণের অপেক্ষা রয়েছে।

ইতিমধ্যেই আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের প্রচ্ছদের রংও গেরুয়া করা হয়েছে। তবে প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে আপাতত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বা ছবি অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে সিলেবাস কমিটি সূত্রে খবর।

এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে। তাঁদের বক্তব্য, ইতিহাসের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদান পড়ানো নিয়ে আপত্তির জায়গা নেই। কিন্তু বাংলা, ভূগোল, বিজ্ঞান-সহ প্রতিটি বিষয়ের বইয়ের একেবারে শুরুতে তাঁর ছবি ও জীবনী রাখার প্রয়োজনীয়তা কতটা, তা নিয়ে আলোচনা হওয়া দরকার। তাঁদের মতে, পাঠ্যবইয়ের বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সংযোগ এবং শিক্ষার্থীদের বয়স ও পাঠ্যক্রমের প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া উচিত।

উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তাঁর জীবনী ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছিলেন তিনি। এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল।

সেই কমিটির বৈঠকের পর স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার বিভিন্ন স্তরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আত্মবলিদানের ইতিহাস অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা সামনে আসে। পাশাপাশি তাঁকে নিয়ে পৃথক বই প্রকাশের উদ্যোগের কথাও জানানো হয়েছিল।

এবার সেই ঘোষণার পর পাঠ্যবইয়ে তাঁর জীবনী অন্তর্ভুক্তির প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সব বিষয়ের বইয়ে তাঁর ছবি ও পরিচিতি রাখার বিষয়টি এখনও শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিশ্চিত করা হয়নি। ফলে আগামী শিক্ষাবর্ষের বইয়ে চূড়ান্তভাবে কী পরিবর্তন থাকছে, তা জানতে সরকারি নির্দেশিকা প্রকাশের দিকেই নজর শিক্ষামহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর