পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। রাজ্যজুড়ে পুলিশের বিভিন্ন থানা ও দপ্তরে মোট ১,৪৫৬ জন ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে এজেন্সির মাধ্যমে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যজুড়ে অপরাধ সংক্রান্ত তথ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির একটি সুসংহত ডেটাবেস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কাজের জন্যই কম্পিউটারে দক্ষ কর্মীদের নিয়োগের উদ্যোগ।
কোথায় কত পদে নিয়োগ? রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিভিন্ন থানা, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো (SCRB) এবং সিআইডিতে মোট ১,৪৪৮ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এর পাশাপাশি ‘কমিশন অন ইন্সটিটিউশনাল করাপশন’-এ আরও আটজন ডিইও নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নিয়োগের সংখ্যা ১,৪৫৬।
কী কাজ করতে হবে ডেটা এন্ট্রি অপারেটরদের? পুলিশের বিভিন্ন থানায় প্রতিদিন অপরাধ সংক্রান্ত তথ্য এবং অন্যান্য বৈদ্যুতিন নথি তৈরি হয়। সেই তথ্য স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর দপ্তরে পাঠানো এবং পর্যালোচনার কাজেও ডেটা এন্ট্রির প্রয়োজন হয়।
এতদিন কয়েকটি ক্ষেত্রে পুলিশকর্মীরা এই দায়িত্ব সামলালেও অনেক থানায় হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারদের দিয়েও এই কাজ করানো হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার থেকে কম্পিউটারে দক্ষ ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে সেই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।
মাসে বেতন ১৬ হাজার টাকা, মিলবে ছুটিও: প্রত্যেক ডেটা এন্ট্রি অপারেটরকে মাসে ১৬ হাজার টাকা করে বেতন দিতে হবে নিয়োগকারী এজেন্সিকে। প্রতি মাসের সাত তারিখের মধ্যে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাঠানোর নির্দেশ রয়েছে। নগদে বেতন দেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী ইপিএফ ও ইএসআই জমা এবং বেতনের পে-স্লিপ দেওয়ার কথাও বলা হয়েছে।
এছাড়াও সপ্তাহে একদিন ছুটি এবং থানার ওসি বা সংশ্লিষ্ট ইউনিটের প্রধানের অনুমতি সাপেক্ষে বছরে ১৫ দিন ক্যাজুয়াল লিভের সুযোগ থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে কী কী শর্ত? এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার সংক্রান্ত শংসাপত্র এবং পরিচয়পত্র যাচাই করতে হবে এজেন্সিকে। প্রত্যেক প্রার্থীর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) থাকা বাধ্যতামূলক। পিসিসি ছাড়া কাউকে কাজে নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বা প্রশাসনিক কারণে কোনও ডেটা এন্ট্রি অপারেটরকে সরিয়ে দেওয়া হলে সাত দিনের মধ্যে তাঁর পরিবর্তে নতুন কর্মী পাঠানোর দায়িত্বও থাকবে এজেন্সির।
তথ্যের গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক: পুলিশের বিভিন্ন অপরাধের নথি, ডেটাবেস এবং অন্যান্য সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করবেন এই কর্মীরা। তাই তথ্যের গোপনীয়তা বজায় রাখার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অফিসের রেকর্ড, ডেটাবেস বা পাসওয়ার্ড কপি করা কিংবা অনুমতি ছাড়া অন্য কারও কাছে তথ্য পাঠানো যাবে না। এই শর্তে কর্মীদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।
চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: এখানে একটি বিষয় স্পষ্ট করে রাখা জরুরি—এই নিয়োগ সরাসরি রাজ্য পুলিশের স্থায়ী সরকারি চাকরি নয়। চুক্তির ভিত্তিতে নিয়োগকারী এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়া হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে টেন্ডার ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে প্রার্থীদের আবেদন করার পদ্ধতি, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন শুরুর তারিখ বা শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোন লিঙ্কে ভরসা না করাই ভালো। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শর্ত ও আবেদনপদ্ধতি যাচাই করে তবেই আবেদন করা উচিত।



