বিপদ কাটেনি রেখা পাত্রের! ফুসফুসে জমা লালা, ব্যাহত হচ্ছে অক্সিজেন সরবরাহ, কী বলছে হাসপাতাল?

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র এখনও বিপন্মুক্ত নন। মুখে জমা লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও পটাশিয়ামের মাত্রা বেশি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এখনও সংকট কাটেনি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। রবিবারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার জেরে মুখে অতিরিক্ত লালারস জমেছিল তাঁর। পুরোপুরি সচেতন না থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে পড়ে। এর ফলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে বলে সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে।

২৩ নভেম্বর সোমবার সকালে পাওয়া সর্বশেষ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অনুযায়ী, রেখার রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে পটাশিয়ামের মাত্রা এখনও বেশি। তা নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।

শনিবার, ২১ নভেম্বর রাতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। রাত প্রায় ৯টা নাগাদ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসা চলার পরেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে।

রেখার বসিরহাট হাসপাতালের রেফারেল কার্ডে পরিবারের বক্তব্যের উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, তাঁর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক গিয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন। সেই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরা আরও উল্লেখ করেছিলেন, তিনি ঝিমিয়ে পড়েছিলেন এবং ডাকলেও যথাযথ সাড়া দিচ্ছিলেন না।

কলকাতার আর এন টেগোর হাসপাতালে (R N Tagore Hospital) বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। বিষক্রিয়ার প্রভাবে অতিরিক্ত লালারস জমে যাওয়ার পর তা ফুসফুসে প্রবেশ করায় শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকেরা বিভিন্ন শারীরিক মাপকাঠির উপর নজর রাখছেন।

এর আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। প্রয়োজনীয় নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

রেখা পাত্র সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন।

তাঁর অসুস্থতার প্রকৃত কারণ কী, শরীরে কীভাবে বিষাক্ত পদার্থ প্রবেশ করল এবং চিকিৎসায় কতটা সাড়া মিলছে, আপাতত এই বিষয়গুলির দিকেই নজর রয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর