মঞ্চে দিলজিৎ দোসাঞ্জকে চুমু বিদেশি অনুরাগীর! প্রথমে বাধা, পরে গালে চুমু, গায়কের প্রতিক্রিয়ায় হাসির রোল

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে AURA India Tour-এর অনুষ্ঠানে দিলজিৎ দোসাঞ্জকে চুমু দেন এক বিদেশি মহিলা অনুরাগী। গায়কের মজার মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঞ্চে গান গাইছেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। দর্শকদের মধ্যে থেকে এক বিদেশি মহিলা অনুরাগীকে ডেকে নিলেন মঞ্চে। কিন্তু তার পরেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। প্রিয় গায়কের কাছে গিয়ে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করলেন ওই মহিলা। প্রথমে হাত তুলে তাঁকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গালে চুমু খেতে দেন দিলজিৎ। গায়কের মজার প্রতিক্রিয়ায় হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

২১ নভেম্বর, শনিবার গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হয়েছিল দিলজিতের AURA India Tour-এর অনুষ্ঠান। সেখানেই এক মহিলা অনুরাগীকে মঞ্চে ডেকে নেন গায়ক। তাঁর সঙ্গে ভাংড়ার তালে নাচতে দেখা যায় ওই মহিলাকে।

এর পরেই ঘটে মজার ঘটনাটি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিলজিতের কাছে এগিয়ে গিয়ে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন ওই মহিলা। প্রথমে হাত তুলে তাঁকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন গায়ক। তবে শেষ পর্যন্ত গালে চুমু খেতে দেন। পরিস্থিতি সামলে হাসিমুখেই মজার মন্তব্য করেন তিনি।

দিলজিতের কথায়, “দেখো, বিদেশিরাও ভাংড়া নাচছে ম্যাডাম! আমার শো-তে আসার জন্য ধন্যবাদ। আমার ইংরেজি অতটা হ্যান্ডসাম নয়, কিন্তু আমি হ্যান্ডসাম!”

এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। এর পর ওই অনুরাগীকে উপহারও দেন দিলজিৎ। মঞ্চ ছাড়ার আগে তাঁকে জড়িয়ে ধরেন মহিলা এবং ফের গালে চুমু দিয়ে দর্শকদের মধ্যে ফিরে যান।

টিম দোসাঞ্জের (Team Dosanjh) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও এই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ক্লিপ। দিলজিতের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নিয়েও আলোচনা করছেন অনুরাগীরা।

আমদাবাদের এই অনুষ্ঠান শুধু অনুরাগীর সঙ্গে মজার মুহূর্তের জন্যই নয়, অন্য একটি কারণেও আলোচনায় এসেছে। অনুষ্ঠানে নিজের গানের উপর আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তোলেন দিলজিৎ। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে (Coldplay)-র সঙ্গে তুলনা টেনে ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রয়োগ করা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

দিলজিতের বক্তব্য, কোল্ডপ্লের গান ‘Hymn for the Weekend’-এ ‘I’m feeling drunk and high’ কথাগুলি থাকলেও তা নিয়ে একই ধরনের আপত্তি দেখা যায়নি। অথচ তাঁর গানের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে। কেন ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আলাদা আচরণ করা হবে, তা নিয়েই প্রশ্ন তোলেন গায়ক।

উল্লেখ্য, দিলজিতের AURA India Tour-এর অংশ হিসেবেই আমদাবাদের এই অনুষ্ঠান হয়েছিল। আগামী ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু এবং ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর