পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প ‘ভরসা’ চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার, ২৩ নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকেই এই প্রকল্প কার্যকর হবে। তবে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম থেকেই মাসে ৩,০০০ টাকা করে দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত স্নাতকেরা পাবেন ২,০০০ টাকা এবং স্নাতক নন এমন বেকার যুবক-যুবতীরা পাবেন ১,৫০০ টাকা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ১৫ মাস এই সংশোধিত হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিশ্রুত অর্থ আপাতত দিতে না পারার জন্য কর্মহীন যুবসমাজের কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি। তাঁর বক্তব্য, সরকারের উপর একাধিক আর্থিক দায়ভার থাকায় এই মুহূর্তে প্রতিশ্রুত পুরো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হবে।
যুবসাথী থেকে ভরসা, কত টাকা মিলবে? আগের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের পরিবর্তে নতুন নাম দেওয়া হয়েছে ‘ভরসা কর্মসূচি’। সোমবার রাজ্য মন্ত্রিসভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আপাতত দু’ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।
-
স্নাতক এবং সরকারি প্রতিষ্ঠানে ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত: মাসে ২,০০০ টাকা।
-
স্নাতক নন এমন বেকার যুবক-যুবতী: মাসে ১,৫০০ টাকা।
আগে বিজেপির সংকল্পপত্রে স্নাতকদের মাসে ৩,০০০ টাকা এবং স্নাতক নন এমন কর্মহীনদের ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই অঙ্ক কার্যকর হতে আরও সময় লাগবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ভাতার পরিমাণ যথাক্রমে ৩,০০০ ও ২,০০০ টাকা করা হবে।
কারা পাবেন ‘ভরসা’ প্রকল্পের টাকা? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। সরকারি কলেজ বা প্রতিষ্ঠানে কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
তবে প্রত্যেক পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ দু’জন সদস্য এই ভাতা পেতে পারবেন। যাঁরা অন্নপূর্ণা যোজনার মতো অন্য সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
জানুয়ারি থেকে চালু, টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে ‘ভরসা’ প্রকল্প কার্যকর হবে। তবে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনাও করা হবে।
এদিকে, আগের ‘যুবসাথী’ প্রকল্পের প্রায় ৫৪ লক্ষ উপভোক্তার নথি যাচাইয়ের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই আবেদনগুলি রাজ্যের যুবকল্যাণ দফতরে পাঠানো হবে।
ফলে জানুয়ারি থেকে নতুন প্রকল্প চালু হলেও প্রতিশ্রুত অর্থের জন্য বেকার যুবক-যুবতীদের অপেক্ষা করতে হবে আরও ১৫ মাস। আপাতত কম অঙ্কের ভাতা দিয়েই কর্মহীনদের আর্থিক সহায়তা শুরু করতে চলেছে রাজ্য সরকার।



