নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি টাকার সাহায্য ভারতের, মোদী-বলেন্দ্র শাহ বৈঠকে ৮ চুক্তি

নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার সহযোগিতা ঘোষণা করল ভারত। আটটি সমঝোতাপত্র সইয়ের পাশাপাশি অযোধ্যা-জনকপুর রেল পরিষেবার উদ্বোধন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার আর্থিক সহযোগিতা ঘোষণা করল ভারত। সোমবার, ২৩ নভেম্বর নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালি মুদ্রায় এই প্যাকেজের পরিমাণ ২৪ হাজার কোটি টাকা। তবে পুরো অর্থই সরাসরি বন্যা পুনর্নির্মাণের জন্য অনুদান নয়—এর মধ্যে ৩,৫০০ কোটি ভারতীয় টাকা অনুদান হিসেবে পুনর্গঠন ও পরিকাঠামো প্রকল্পে দেওয়া হবে, আর ১১,৫০০ কোটি টাকা শক্তি ক্ষেত্রের প্রকল্পের জন্য ঋণসুবিধা হিসেবে বরাদ্দ করা হয়েছে।

নেপালের বন্যায় ক্ষয়ক্ষতি, সাহায্যের অঙ্ক কত?

গত অগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয় রাসুয়া-ভোটেকোশি অঞ্চল। বিশেষ করে রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ৫,২০০-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন। ঘরবাড়ি, সড়ক, সেতু এবং বিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

বিপর্যয়ের পর ভারত প্রথম দিকেই নেপালে ত্রাণ, ওষুধ এবং জরুরি সামগ্রী পাঠিয়েছিল। এবার সেই সহযোগিতাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ঘোষণা করল নয়াদিল্লি। ভারতের সরকারি বিবৃতি অনুযায়ী, ১৫ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে ৩,৫০০ কোটি টাকা অনুদান হিসেবে বিপর্যয়-পরবর্তী পুনর্গঠন ও নতুন পরিকাঠামো প্রকল্পে ব্যবহার করা হবে। বাকি ১১,৫০০ কোটি টাকা শক্তি ক্ষেত্রের প্রকল্পের জন্য ঋণসুবিধা। কোন কোন প্রকল্পে এই অর্থ ব্যবহার হবে, তা দুই দেশ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবে।

রবিবার ভারত সফরে আসেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, পরিকাঠামো, যোগাযোগ, জলসম্পদ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর দুই দেশের মধ্যে আটটি সমঝোতাপত্র বা MoU বিনিময় হয়েছে। এর মধ্যে রয়েছে ফরেনসিক বিজ্ঞান ও পুলিশি তদন্তে সহযোগিতা, পুলিশ প্রশিক্ষণ, সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আয়ুর্বেদ ও প্রথাগত চিকিৎসা, উপগ্রহ যোগাযোগ, টেকসই নগর উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা এবং পশুপালন ও মৎস্যক্ষেত্রে সহযোগিতা।

দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। সোমবার ভার্চুয়ালি অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ রেল পরিষেবার উদ্বোধন করেন মোদী ও বলেন্দ্র শাহ। রামায়ণ সার্কিটের ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনে এই রেল পরিষেবা নতুন গতি আনবে বলে আশা দুই দেশের।

এ ছাড়া নেপালের রক্সৌল থেকে কাঠমান্ডু পর্যন্ত প্রস্তাবিত বৈদ্যুতিক ব্রডগেজ রেলপথের সমীক্ষার কাজ চূড়ান্ত হওয়ার কথাও জানানো হয়েছে। নেপালের পূর্ব-পশ্চিম রেলপথের উন্নয়নেও একসঙ্গে কাজ করবে ভারত ও নেপাল।

বৈঠকে বিদ্যুৎ ও জলসম্পদ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেপালের ৬৬৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পঞ্চেশ্বর বহুমুখী প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তকোশী ও সুনকোশী বহুমুখী প্রকল্পের কাজও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

সীমান্ত পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের ধারচুলা ও নেপালের দারচুলার মধ্যে নতুন মোটরযান চলাচলযোগ্য সেতুর উদ্বোধন হয়েছে। মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ও চালু করা হয়েছে। নেপালের ঝাপায় নতুন পেট্রোলিয়াম টার্মিনাল তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বন্যার পর ভারতের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তাঁর বক্তব্য, নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে প্রাকৃতিক বিপর্যয় কিংবা কঠিন পরিস্থিতিতে ভারত বরাবরই নেপালের পাশে দাঁড়িয়েছে। ভারত-নেপাল সম্পর্কের ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছা বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, মোদী জানিয়েছেন, নেপালের উন্নয়নযাত্রায় ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারত পাশে থাকবে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ এবং পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।

সব মিলিয়ে বন্যা-পরবর্তী পুনর্গঠনের আর্থিক প্যাকেজ, আটটি সমঝোতাপত্র এবং নতুন রেল পরিষেবা—মোদী ও বলেন্দ্র শাহের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে এই ঘোষণাগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে নেপাল ও ভারতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর