“আমি নিজে পাহারা দেব”—গণনা ঘিরে কড়া বার্তা মমতার, প্রার্থীদের রাত জাগার নির্দেশ

গণনায় কারচুপির আশঙ্কা তুলে প্রার্থীদের কড়া নির্দেশ মমতার—গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার বার্তা, নিজেও পাহারায় থাকার ঘোষণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট মিটতেই গণনা নিয়ে নতুন করে উত্তেজনা। সম্ভাব্য কারচুপির আশঙ্কা তুলে সরাসরি মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওবার্তায় তিনি জানালেন, ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই পাহারায় থাকবেন—এবং দলের সব প্রার্থীকে গণনাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিলেন।

ভোটের দিন সকাল থেকে বুথে বুথে ঘোরা দিয়ে যে সক্রিয়তা দেখিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এবার গণনার দিনও সরাসরি নজরদারির সিদ্ধান্ত। মমতার দাবি, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় বদল করার চেষ্টা হতে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে প্রার্থীদের নিজে উপস্থিত থেকে নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি।

তাঁর বার্তা স্পষ্ট—“ইভিএম পাহারা দিতে হবে। আমি আমার এলাকায় থাকব, আপনারাও নিজ নিজ কেন্দ্রে থাকুন। দরকার হলে রাত জেগে থাকুন।” ২৯৪টি আসনের প্রতিটি প্রার্থীকে এই নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি কেউ যদি সাময়িকভাবে উঠতে বাধ্য হন, তা হলে তাঁর জায়গায় এমন কাউকে রেখে যেতে বলেছেন, যিনি কোনওভাবেই প্রভাবিত হবেন না।

আরও কড়া সুরে মমতা বলেন, “আমি সাংবাদিক বৈঠক করে না বলা পর্যন্ত কেউ গণনার টেবিল ছাড়বেন না।” অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

তবে উত্তেজনার মাঝেও কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, প্ররোচনায় পা না দিয়ে সংযত থাকতে হবে। একইসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সব মিলিয়ে, গণনার দিনকে সামনে রেখে তৃণমূল শিবিরে সর্বোচ্চ সতর্কতা জারি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নজর—৪ মে, গণনার দিন কী চিত্র সামনে আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত