“বিস্ময়কর ফল আসতেই পারে”—বামেরা বড় ফ্যাক্টর, দাবি বিকাশরঞ্জনের

উচ্চ ভোটদানের হারকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি বিকাশরঞ্জনের—বামেরাই বড় ফ্যাক্টর, এক্সিট পোলকে ‘বাণিজ্যিক কৌশল’ বললেন সিপিএম প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট মিটতেই ফলাফল নিয়ে জল্পনা তুঙ্গে, আর সেই আবহেই বড় দাবি সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য-র। তাঁর মতে, এবারের নির্বাচনে ‘বিস্ময়কর’ ফল সামনে আসতে পারে—এবং সেই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বামেরা। বুথফেরত সমীক্ষাকে তিনি একেবারেই গুরুত্ব দিচ্ছেন না।

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশরঞ্জন বলেন, “যে হারে ভোট হয়েছে, তাতে অপ্রত্যাশিত ফল এলেও অবাক হব না।” তাঁর মতে, এবারের উচ্চ ভোটদানের হার (৯০ শতাংশের বেশি) আসলে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, “এটা শুধু ভোট নয়, শান্তিপূর্ণ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার বিরুদ্ধে একপ্রকার প্রতিবাদ—দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধেও।”

বামেরা কি এ বার ফ্যাক্টর? এই প্রশ্নে তাঁর উত্তর স্পষ্ট—“বামেরা সব সময়ই ফ্যাক্টর ছিল, এখনও আছে।” প্রচারের সময় থেকেই এই প্রবণতা দেখা গিয়েছে বলে দাবি তাঁর। “বিজেপি ও তৃণমূল—দুই পক্ষই বাম ভোটের দিকে তাকিয়ে ছিল। বামেদের নিয়ে ওদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল,” মন্তব্য তাঁর।

সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন তিনি। “ফলাফল অনেক কিছু বদলে দিতে পারে। আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি,” বলেন বিকাশরঞ্জন। তবে এক্সিট পোল নিয়ে তাঁর কড়া মত—“এগুলো আসলে বাণিজ্যিক কৌশল, এর উপর ভরসা করা ঠিক নয়।”

এর পাশাপাশি রাজনৈতিক ‘ঘোড়া কেনাবেচা’র সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের পর এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া নতুন কিছু নয়, এবং অতীতেও তা দেখা গিয়েছে।

সব মিলিয়ে, ফল ঘোষণার আগেই বাম শিবিরের আত্মবিশ্বাসী সুর স্পষ্ট। এখন নজর গণনার দিনে—আসল চিত্র সামনে এলে বোঝা যাবে, ‘বিস্ময়কর’ ফলের পূর্বাভাস কতটা সত্যি হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর