কার্তিক পুজো আজ, নাকি কাল? সোমবার সকাল থেকেই এই প্রশ্ন ঘুরছে অনেকের মনে। ক্যালেন্ডারে ১৬ নভেম্বর কার্তিক পুজোর উল্লেখ থাকলেও পঞ্জিকা অনুযায়ী পুজোর দিন ১৭ নভেম্বর, মঙ্গলবার। অষ্টমী তিথি মধ্যরাতে শুরু হওয়ায় তৈরি হয়েছে এই বিভ্রান্তি। তাই বাড়িতে পুজোর আয়োজন হোক কিংবা কাটোয়া ও বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখতে যাওয়ার পরিকল্পনা, তার আগে জেনে নেওয়া জরুরি সঠিক দিনক্ষণ।
বাঙালির ঘরে ঘরে কার্তিক পুজোর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে নতুন বিয়ে হওয়া দম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার প্রচলিত রীতি ঘিরে প্রতি বছরই তৈরি হয় উৎসাহ। কিন্তু এ বছর পুজোর দিন নিয়ে ক্যালেন্ডার ও পঞ্জিকার তারিখে পার্থক্য থাকায় অনেকেই বুঝতে পারছেন না, কখন পুজো করবেন।
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী কার্তিক পুজোর দিনক্ষণ
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা, ১৪৩৩ বঙ্গাব্দ অনুযায়ী, কার্তিক পুজো হয় কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। অনেকের মধ্যে ধারণা রয়েছে, কার্তিক সংক্রান্তিতে এই পুজো হয়। তবে প্রচলিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কার্তিক পুজোর সঙ্গে শুক্লা অষ্টমী তিথির যোগ রয়েছে।
এ বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৬ নভেম্বর, সোমবার রাত ১২টা ১ মিনিটে। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তখন ১৭ নভেম্বর শুরু হয়ে যাবে। অন্যদিকে, অষ্টমী তিথি শেষ হবে ১৭ নভেম্বর, মঙ্গলবার রাত ১টা ১৮ মিনিটে।
তিথির এই সময়ের কারণেই পুজোর দিন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, সোমবার দিনের বেলা অষ্টমী থাকছে না। অষ্টমী শুরু হচ্ছে সোমবারের রাত পেরিয়ে মঙ্গলবারের একেবারে শুরুতে।
কার্তিক পুজো কবে? ১৬ না ১৭ নভেম্বর?
পঞ্জিকার হিসেব অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সময় অষ্টমী তিথি থাকবে। সেই কারণে উদয় তিথির হিসেব ধরে মঙ্গলবারই কার্তিক পুজোর মূল দিন হিসেবে বিবেচিত হবে।
অর্থাৎ, ১৬ নভেম্বর সোমবার দিনের বেলায় কার্তিক পুজো করার বদলে ১৭ নভেম্বর মঙ্গলবার পুজো করাই পঞ্জিকানির্ভর সিদ্ধান্ত। মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে পুজোর আয়োজন করা যাবে। সন্ধ্যায় প্রদোষকালেও পুজো করার রীতি রয়েছে।
যাঁরা কাটোয়া বা বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরাও মঙ্গলবারকে মাথায় রেখে পরিকল্পনা করতে পারেন।
কেন কার্তিক পুজো করা হয়? কী মাহাত্ম্য রয়েছে?
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেব সেনাপতি কার্তিক হলেন দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার পুত্র এবং গণেশের ভাই। দেবতাদের সেনাপতি হিসেবে তিনি যুদ্ধ, সাহস, বীরত্ব ও শক্তির প্রতীক। তাঁর বাহন ময়ূর। পৌরাণিক কাহিনিতে কার্তিককে অত্যন্ত সুদর্শন দেবতা হিসেবেও বর্ণনা করা হয়েছে।
তবে বাংলার লোকাচারে কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও নানা বিশ্বাস। বিশেষ করে সন্তান কামনা এবং নবদম্পতির মঙ্গলকামনায় এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।
লোকবিশ্বাস অনুযায়ী, কার্তিক ঠাকুরের আরাধনা করলে দম্পতির জীবনে সন্তানসুখ আসে। সেই বিশ্বাস থেকেই নিঃসন্তান দম্পতিরা অনেক সময় সন্তান কামনায় কার্তিক পুজো করেন।
বাংলার অন্যতম পরিচিত লোকাচার হল নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা। নতুন বিয়ে হওয়া বরের বাড়ির সামনে বন্ধুবান্ধব বা পাড়ার লোকজন কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসেন। হাসি-ঠাট্টার আবহে পালিত এই রীতির পিছনেও রয়েছে সন্তানলাভ ও দাম্পত্য জীবনের মঙ্গলকামনার বিশ্বাস।
কার্তিকের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের প্রতীকী ভাবমূর্তির সঙ্গেও জড়িয়ে রয়েছে লোকবিশ্বাস। অনেকের ধারণা, কার্তিকের আশীর্বাদে সন্তান সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী হয়। যদিও এগুলি ধর্মীয় ও লোকাচারভিত্তিক বিশ্বাস।
এ বছর অষ্টমী তিথির সময় মধ্যরাতে পড়ায় কার্তিক পুজোর দিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, পঞ্জিকার হিসেব সেই ধন্দ দূর করছে। বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবারই কার্তিক পুজোর মূল দিন। তাই পুজোর প্রস্তুতি নিতে পারেন মঙ্গলবারকে সামনে রেখেই।



