বুমরার সবচেয়ে খারাপ সময়! বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন মুম্বই কোচ

আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স বুমরাহের—পরিসংখ্যান বলছে কেরিয়ারের অন্যতম খারাপ সময়, বিশ্রাম দিয়ে ফের ছন্দে ফেরানোর ভাবনা মুম্বই শিবিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এক সময় তাঁর চার ওভারই ছিল প্রতিপক্ষের কাছে ‘বাধা’—এখন সেই ছন্দ যেন উধাও। চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ জসপ্রীত বুমরাহ, আর তাই তাঁকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত মিলছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকেই। দলের সহকারী কোচ কাইরন পোলার্ড স্পষ্ট জানালেন—এই সময়টা হয়তো বিরতিরই।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেই চিত্রটা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। চার ওভারে ৫২ রান, কোনও উইকেট নেই—এই পরিসংখ্যান বুমরাহের ক্ষেত্রে প্রায় অভাবনীয়। অভিষেক শর্মাট্রেভিস হেড-দের আক্রমণে কার্যত দিশেহারা দেখিয়েছে তাঁকে। পাওয়ার প্লে-তেই দু’ওভারে ৩২ রান—আইপিএল কেরিয়ারে যা আগে কখনও হয়নি।

পরিসংখ্যানও বলছে একই কথা। আট ম্যাচে ৩০ ওভার বল করে দিয়েছেন ২৬৪ রান, ইকোনমি ৮.৮০। অথচ টি-টোয়েন্টিতে তাঁর কেরিয়ার ইকোনমি ৭.৩৩। উইকেট মাত্র ২টি, বোলিং গড় পৌঁছেছে ১৩২-এ—যা তাঁর মানের বোলারের ক্ষেত্রে অস্বাভাবিক।

বিশ্লেষণে রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, উইকেট নেওয়ার অতিরিক্ত চেষ্টাতেই সমস্যায় পড়ছেন বুমরাহ। তাঁর মতে, বুমরাহের শক্তি ইয়র্কার দিয়ে রান আটকানো—সেখানেই ছন্দ হারিয়েছেন তিনি। অন্যদিকে ইরফান পাঠান বলছেন, অতিরিক্ত স্লোয়ার বল ব্যবহারের কারণে গতি কমে যাচ্ছে, যা ব্যাটারদের সুবিধা করে দিচ্ছে।

এই পরিস্থিতিতে পোলার্ডের মন্তব্য তাৎপর্যপূর্ণ—“ও মানুষ, ভুল হতেই পারে। কয়েকটা ম্যাচ বা একটা মরসুম খারাপ যেতেই পারে। এই সময় ওর প্রয়োজন বিশ্রাম।” তাঁর কথায় স্পষ্ট, কয়েকটি ম্যাচে বুমরাহকে বসানো হতে পারে।

একজন বিশ্বমানের পেসারের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে কঠিন সময়। তবে মুম্বই শিবিরের আশা, সাময়িক বিরতিই হয়তো ফিরিয়ে আনবে সেই পুরনো ভয়ঙ্কর বুমরাহকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন