নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার প্রস্তাব ঘিরে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটল না ‘কালীঘাট তৃণমূল’। নন্দীগ্রামে ঘাসফুলের প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার তালিকায় তাঁর নামও ছিল। ফলে নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
সঞ্চিতার সঙ্গে নন্দীগ্রামের স্থানীয় যোগাযোগ রয়েছে। একসময় বয়াল ২ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পবিত্র করের বুথ এলাকাতেই তাঁর বসবাস ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে অবশ্য তমলুকে থাকেন প্রায় ৪০ বছর বয়সি এই নেত্রী।
পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সঞ্চিতা। বয়াল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় তাঁর চাকরিও যায়। শিক্ষকতার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন সঞ্চিতা। ফলে নন্দীগ্রামে তাঁর স্থানীয় পরিচিতি এবং রাজনৈতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলিই গুরুত্ব পেয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বিশেষ করে নন্দীগ্রামের মতো কেন্দ্রে স্থানীয় মুখকে সামনে রাখার কৌশল নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। চাকরিহারা শিক্ষক হিসেবে সঞ্চিতার ব্যক্তিগত অভিজ্ঞতাকেও প্রচারে গুরুত্বপূর্ণ ইস্যু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রার্থী বাছাইয়ের বিষয়ে ‘কালীঘাট তৃণমূল’-এর তরফে বিস্তারিত ব্যাখ্যা এখনও সামনে আসেনি।
এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হয়। শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। ফলে কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে পড়ে।
অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা কেন্দ্রেও বিধায়ক পদ শূন্য রয়েছে। ওই দুই আসন থেকে তৃণমূলের টিকিটে জিতে পরে দল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবীর। পরবর্তীতে তিনি আমজনতা উন্নয়ন পার্টি গঠন করেন। ফলে ওই দুই কেন্দ্রেও উপনির্বাচনের প্রয়োজন তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম-সহ ওই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে ছিল।
কারণ, বর্তমানে তৃণমূলের অন্দরে নেতৃত্ব ও দলীয় নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের টানাপোড়েন চলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’, অন্যদিকে ঋতব্রতপন্থী শিবির। ঋতপন্থীদের দাবি, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন এবং তাঁরাই ‘আসল তৃণমূল’। একই সঙ্গে দলীয় প্রতীক নিয়েও দুই পক্ষের মধ্যে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন চলছে বলে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। ঋত শিবিরের তরফে তাঁকে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি। এমনকি মমতা প্রার্থী হলে তাঁরা ওই কেন্দ্রে প্রার্থী দেবেন না—এমন বার্তাও দেওয়া হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
শেষ পর্যন্ত অবশ্য মমতাকে প্রার্থী করা হয়নি। তাঁর বদলে সঞ্চিতা প্রধান দে-কে সামনে রেখেই নন্দীগ্রামের লড়াইয়ে নামছে ‘কালীঘাট তৃণমূল’। ফলে এই সিদ্ধান্তকে নিছক প্রার্থী বাছাই হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। স্থানীয় সংগঠন, চাকরি বাতিলের ইস্যু এবং নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ—সবকিছুর সমন্বয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
এখন নজর ৬ অক্টোবরের ভোটে। একসময় যে নন্দীগ্রাম রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত নির্বাচনী যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল, উপনির্বাচনে সেই আসনে চাকরিহারা প্রাথমিক শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে কতটা সংগঠন গড়ে তুলতে পারেন এবং ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, তার উত্তর মিলবে ভোটের ফলেই।



