নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে চন্দ্রযান-৩ ল্যান্ডিং উপভোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি ১৫তম BRICS সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন। মঙ্গলবারই তিনি পৌঁছেছেন জোহানেসবার্গে। বুধবার সন্ধের আগেই ISRO-র সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ Chandrayaan-3: চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ ফেলবে প্রজ্ঞান, অপেক্ষা আর কিছুক্ষণের
১৪০ কোটি ভারতবাসীর আশা-ভরসা এবং স্বপ্ন নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। ১৪ জুলাই রকেট উৎক্ষেপণের দিন ঠিক এভাবেই নিজের অনুভূতি ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে গত ৪০ দিন ধরে একটু একটু করে আশায় বুক বেঁধেছে গোটা দেশ। উৎকণ্ঠার প্রহর গুনছেন তিনিও।

গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে জোহানেসবার্গে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে চাঁদে। প্রতি মুহূর্তে ইসরোর প্রস্তুতি এবং চন্দ্রযান ৩-এর অবস্থানের আপডেট নিচ্ছেন তিনি। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র মারফত। আর তাই শত ব্যস্ততার মধ্যেও বুধবার সন্ধে ঠিক ৬টা বেজে ৪ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। সমগ্র দেশবাসীর সাথে চন্দ্রে বিক্রম অবতরণের মুহুর্ত দেখবেন তিনি।
Chandrayaan 3-এর সফল ল্যান্ডিংয়ের স্বপ্নে বুঁদ, জোহানেসবার্গ থেকে সরাসরি সম্প্রচার দেখবেন মোদী

ইসরো(ISRO) জানিয়েছে বুধবার সন্ধে ৫:৪৫ মিনিটে শুরু হবে ‘চন্দ্রযান ৩’-এর অবতরণের প্রক্রিয়া। যা বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে থেকে সরাসরি লাইভ দেখানো হবে একাধিক মাধ্যমে। চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিট সরাসরি সম্প্রচার দেখা যাবে নিজের বাড়ির টিভি, মোবাইল অথবা ট্যাবে। রবিবার রাশিয়ার লুনার চন্দ্রাভিযান অসফল হয়েছে। ভারতের ‘চন্দ্রযান ৩’ যেন সফল হয়, আপাতত সেই প্রার্থনাই করছে দেশের ১৪০ কোটি জনগণ।



