নজরবন্দি ব্যুরোঃ স্কুল বন্ধ থাকলেও দেওয়া হবে মিড-ডে মিল। ঘোষণা করল রাজ্য সরকার। পূর্বের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ছুটি পাচ্ছেন না রাজ্যের শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ ভয়াবহ সংক্রমণের জেরে বাতিল হল ২৯ জোড়া লোকাল ট্রেন, লকডাউনের ইঙ্গিত?


কোভিডের ধাক্কায় স্কুল গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ ছিল রাজ্যের সব রকম শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৭ মাস বন্ধ থাকার পরে পরে নিউ নর্মালে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল সরকারি স্কুলগুলিতে। কিন্তু এবার সেটাও বন্ধ হয়ে গেল। আপাতত সিদ্ধান্ত হয়েছে যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বন্ধ রাখা হবে স্কুল। রাজ্যের বেসরকারি স্কুল গুলোকেও আবেদন জানিয়েছে শিক্ষা দফতর।
স্কুল বন্ধ থাকলেও মিড-ডে মিল বন্ধ হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর গত বছর লকডাউনের সময় যেভাবে পড়ুয়াদের মিড ডে মিল সরবরাহ করেছিল রাজ্য, এবারও সেভাবেই সরবরাহ করা হবে মিড ডে মিল। পড়ুয়াদের অভিভাবকরা কোভিড বিধি মেনে স্কুল থেকে মিড ডে মিল সংগ্রহ করবেন। যা অত্যন্ত সতর্কভাবে বিলি করবেন শিক্ষক-শিক্ষিকারা।
উল্লেখ্য গৎবছর মার্চ মাস থেকে প্রথম দফায় পড়ুয়া পিছু ২ কিলো চাল এবং ২ কিলো আলু দেওয়া হয়েছিল। পরে যোগ করা হয় চিনি এবং সোয়াবিন। পরে দ্বিতীয় দফায় এপ্রিল মাসে পড়ুয়া চাল ও আলুর পরিমান ১ কেজি করে বাড়ানো হয়। তবে মার্চ মাসের পর জুন মাস থেকে আবার পড়ুয়াদের ২ কিলো চাল ও ২ কিলো আলু দেওয়া শুরু হয়। জানা গিয়েছে এখন সেই নিয়মই চালু থাকবে।









