বাংলায় সরকার গঠনের কাউন্টডাউন শুরু, গেজ়েট নোটিফিকেশন জমা পড়ল রাজ্যপালের হাতে

১৭তম বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যপালের হাতে জমা পড়ল গেজ়েট নোটিফিকেশন। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল। ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই বুধবার রাজ্যপাল আরএন রবির হাতে গেজ়েট নোটিফিকেশন তুলে দিলেন রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচন আধিকারিক (CEO)। রাজনৈতিক মহলের মতে, এর পরেই সরকার গঠনের জন্য বিজেপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল।

বুধবার দুপুরে লোকভবনে যান মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল, মুখ্যসচিব এবং নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। প্রায় আধঘণ্টা বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ জানান, নির্বাচন কমিশনের তরফে জারি হওয়া গেজ়েট নোটিফিকেশনই রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে।

- Advertisement -

আগামী ৭ মে শেষ হচ্ছে বর্তমান বিধানসভার মেয়াদ। তার আগেই সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গেজ়েট নোটিফিকেশন হাতে পাওয়ার পর রাজ্যপালই পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা।

মনোজকুমার আগরওয়াল বলেন, “ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আজ নোটিফিকেশন জারি হয়েছে। সেটাই জমা দিতে এসেছিলাম। রাজ্যপাল জানিয়েছেন, এবার রেকর্ড শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, CEO অফিস এবং ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।”

রাজনৈতিক সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাতে পারেন রাজ্যপাল। শনিবারই সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলেও জোর জল্পনা চলছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও তৎপরতা এখন তুঙ্গে। ফলে নতুন সরকার গঠনের প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর