চিন্নাস্বামী নয়, ফের আমেদাবাদে IPL ফাইনাল! কেন এই সিদ্ধান্ত BBCI-র?

বিধায়কদের VIP টিকিট ও বিশেষ সুবিধার দাবি ঘিরে বিতর্কের জেরে চিন্নাস্বামী থেকে সরল IPL ফাইনাল, ফের আয়োজক আমেদাবাদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রীতি ভেঙে ফের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে IPL ফাইনাল। গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এ বারের ফাইনাল হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। BCCI সূত্রে খবর, স্থানীয় স্তরে টিকিট এবং বিশেষ সুবিধা নিয়ে তৈরি হওয়া বিতর্কই ভেন্যু পরিবর্তনের মূল কারণ। ফলে ৩১ মে IPL ফাইনাল ফের বসছে আমেদাবাদেই।

IPL-এর প্রচলিত নিয়ম অনুযায়ী, আগের বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠেই পরের মরশুমের ফাইনাল আয়োজন করা হয়। সেই নিয়ম মেনেই এ বার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন ও কিছু মহলের ‘অন্যায্য দাবি’কে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এক বিবৃতিতে BCCI জানিয়েছে, “ফাইনাল আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কিছু সংস্থার পক্ষ থেকে এমন কিছু দাবি করা হয়েছিল, যা বোর্ডের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ব্যতিক্রমী পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বোর্ড যদিও সরাসরি কারও নাম নেয়নি, তবে কর্নাটকের একাধিক বিধায়কের টিকিট দাবি ঘিরে বিতর্কই যে পরিস্থিতি জটিল করেছে, তা কার্যত স্পষ্ট।

কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাসাপ্পানাভা প্রকাশ্যে দাবি করেছিলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক বিধায়ককে একাধিক VIP টিকিট দিতে হবে। শুধু টিকিট নয়, স্টেডিয়ামের লাউঞ্জ ব্যবহারের সুযোগও চাওয়া হয়েছিল বলে খবর। বেশ কয়েকজন বিধায়ক অন্তত পাঁচটি করে টিকিট দাবি করেছিলেন।

চাপের মুখে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) শেষ পর্যন্ত কিছু দাবি মেনে নেয়। আর তার পর থেকেই শুরু হয় বিতর্ক। সাধারণ দর্শকদের একাংশ প্রশ্ন তোলেন, যেখানে সাধারণ টিকিটের দাম আকাশছোঁয়া, সেখানে জনপ্রতিনিধিদের বিনামূল্যে VIP সুবিধা কেন দেওয়া হবে?

এই বিতর্কের মাঝেই চিন্নাস্বামী থেকে সরিয়ে IPL ফাইনাল নিয়ে যাওয়া হচ্ছে আমেদাবাদে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ৩১ মে আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।

এ বার IPL প্লে-অফের সূচিও ঘোষণা করেছে BCCI।

  • ২৬ মে ধরমশালার HPCA স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার।
  • ২৭ মে মুল্লানপুরের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এলিমিনেটর।
  • ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজিত হবে।
  • ৩১ মে আমেদাবাদে হবে ফাইনাল।

সব মিলিয়ে, IPL ফাইনালের ভেন্যু বদল শুধু ক্রিকেট নয়, প্রশাসনিক চাপ ও VIP সংস্কৃতি নিয়েও নতুন বিতর্ক তৈরি করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত