‘এবার দ্যাখ কেমন লাগে!’ মেসি কান্ডে তৃণমূলকে ১০০ কোটির মামলার হুঁশিয়ারি শতদ্রু দত্তর

মেসির কলকাতা সফর ঘিরে পুরনো বিতর্কে বিস্ফোরক শতদ্রু দত্ত। তৃণমূল ও অরূপ বিশ্বাসকে নিশানা করে ১০০ কোটির মানহানির মামলার হুঁশিয়ারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে উঠে এল লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্ক। মেসির ‘গোট ট্যুর’-এর অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত এবার সরাসরি তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করলেন। সমাজমাধ্যমে একের পর এক বিস্ফোরক পোস্ট করে তিনি দাবি করেছেন, পরিকল্পিত ভাবে তাঁর তিন বছরের পরিশ্রম নষ্ট করা হয়েছিল। শুধু তাই নয়, ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভোটে তৃণমূলের পরাজয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শতদ্রু। তাঁর বক্তব্য, সরকার বদল মানেই সব শেষ নয়, বরং এখনই শুরু হবে আইনি লড়াই। একটি পোস্টে তিনি লেখেন, “শুধু নির্বাচনে হেরে গিয়েছ বলে ভেবো না সব মিটে গেছে। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। শেষ পর্যন্ত লড়ব।”

মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল। দর্শকদের ধাক্কাধাক্কি, ক্ষোভ, স্টেডিয়ামের বিভিন্ন অংশে ভাঙচুর— পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ করতে হয়। সেই ঘটনার পর পুলিশ শতদ্রুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে দু’টি পৃথক মামলা দায়ের হয়েছিল। মোট ৩৭ দিন জেলেও কাটাতে হয়েছিল উদ্যোক্তাকে।

এই পুরো ঘটনার জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই দায়ী করেছেন শতদ্রু। তাঁর অভিযোগ, মেসির সঙ্গে ছবি তোলার জন্য অতিরিক্ত লোক ঢোকানো হয়েছিল, যার জেরেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। ক্ষোভ উগরে দিয়ে শতদ্রু লেখেন, “বারবার অনুরোধ করেছিলাম এখানে ছবি তুলবেন না। কিন্তু দাদাগিরি করে সব করা হয়েছিল। এবার সব হিসেব দিতে হবে।”

যুবভারতীর সেই দিনের একটি ছবি পোস্ট করে তিনি আরও দাবি করেন, “আমার আর্তনাদ কেউ শোনেনি। পুলিশও চুপ ছিল।” সূত্রের খবর, মাঠের ভিতরের বিশৃঙ্খলায় স্বয়ং মেসিও বিরক্ত হয়ে পড়েছিলেন।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তৃণমূল ছাড়ার পর তিনিও অরূপ বিশ্বাসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। মনোজের দাবি, “খেলার এ, বি, সি, ডি কিছুই জানতেন না” প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তাঁর অভিযোগ, অরূপ বিশ্বাসের আমলে রাজ্যের ক্রীড়া কাঠামো কার্যত থমকে গিয়েছিল।

১৫ বছরের শাসনের পর বাংলায় তৃণমূলের ক্ষমতাচ্যুতি এবং বিজেপির উত্থানের আবহে মেসি সফরের এই পুরনো বিতর্ক আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন