নজরবন্দি ব্যুরো: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। শেষমুহূর্তের প্রচার চলছে রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসক দল বিজেপি যেখানে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সেইসময় কর্ণাটকবাসীদের ভোটদানের অধিকার প্রয়োগ করার আগে সতর্ক করে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। মণিপুর ইস্যু নিয়ে বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে তোপ দাগলেন তিনি।
আরও পড়ুন: Karnataka Polls: ‘হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস’, নির্বাচনের মুখে বিস্ফোরক Smriti Irani


মেইতেই সম্প্রদায়কে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবিতে বিগত কয়েকদিন ধরে বিজেপি শাসিত মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি আইনঅমান্যকারীদের শ্যুট অ্যাট সাইট অর্থাৎ দেখামাত্র গুলি মারার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল টি রঞ্জিত সিংহ। গত বুধবার ছাত্র সংগঠন এটিএসইউএম-এর জনজাতি সংহতি মিছিল ঘিরে ফের রাজ্যে উত্তেজনা ছড়ায়। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলির নিশানায় এসেছে বিজেপি।

মণিপুর ইস্যু সামনে এনেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মণিপুরের ডবল ইঞ্জিন সরকারের পরিণতি কি হয়েছে তা দেখা যাচ্ছে। দুটি ইঞ্জিনই ব্যর্থ। অভ্যন্তরীণ কোন্দলে ভেঙে পড়েছে রাজ্য সরকার।” তিনি আরও বলেন, “কর্ণাটকের ভোটারদের সতর্ক হওয়া উচিত! ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি মেনে নেওয়ার আগে ভালো করে ভেবে দেখতে হবে।”



উল্লেখ্য, বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকের মুখেই ‘ডবল ইঞ্জিন সরকার’ কথাটি শোনা গিয়েছে। যার অর্থ এই দল কেন্দ্র এবং রাজ্যে শাসক দল হবে। আগামী ১০ মে কর্ণাটকের ২২৪ টি আসনে ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ হবে ১৩ মে। বিজেপি কি ফের ক্ষমতায় ফিরবে? অন্যদিকে, ওই রাজ্যে পদ্ম শিবিরকে পরাজিত করতে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে সিপিআই।








