নজরবন্দি ব্যুরোঃ গত বছর অক্টোবর মাসে হাওড়ার দুই ব্যবসায়ীর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। সেই মামলায় বৃহস্পতিবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ দুই অভিযুক্ত শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসকে বৃহস্পতিবার গ্রেফতার করে বেলা তিনটের মধ্যে নিম্ন আদালতে পেশ করতে হবে।


প্রসঙ্গত, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। গত বছরের অক্টোবর মাসে তাঁদের ফ্ল্যাট, অফিস ও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। সেই টাকার অঙ্ক প্রায় ৮ কোটি ছিল। এমনটাই খবর ছিল কলকাতা পুলিশ সূত্রে। সেই ঘটনার তদন্তে নেমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার দু’টি অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটি টাকা লেনদেনের হদিস পায় পুলিশ। এরপরেই বৃহস্পতিবার ইডির উদ্দেশ্যে কড়া নির্দেশ দেন বিচারপতি।

এখানেই শেষ নয়, ওই দুই জন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মেলে। যার মধ্যে শুধুমাত্র ৬ টি থেকেই ৫৭ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছিল। লালবাজারের তরফে জানানো হয়েছে, মোট ২০৭ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে। সমস্ত বিষয়টি দেখার পরেও একেবারে কড়া নির্দেশ দেন বিচারপতি। এরপর আদালতের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, গ্রেফতার দুই ব্যবসায়ী

এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ টাকা উধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকেই শহ্রের একাধিক জায়গায় অভিযান চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। কিন্তু কোনটাই এখনও অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ককে অতিক্রম করতে পারেনি।









