নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ব্যাটিং লাইন আপের মধ্যে হেভিওয়েটদের ভিড় থাকলেও ‘প্রিন্স’ শুভমন গিলের জুড়ি মেলা ভার। বিশ্বকাপের আগে তুখোড় ফর্মে থাকা সেই গিলই আক্রান্ত হলেন ডেঙ্গিতে। প্রথম দু’টি ম্যাচ খেলতে পারলেন না। তবে, এই মুহূর্তে বিরাট খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ডেঙ্গি কাটিয়ে আহমেদাবাদ পৌঁছেই অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিল! অর্থাৎ, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দেখা গেলেও যেতে পারে।
আরও পড়ুনঃ সুস্থতার পথে শুভমান, পাক ম্যাচে কী খেলবেন ভারতীয় ওপেনার?


অসুস্থ থাকায় শুভমন গিলের জায়গায় প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও আফগানিস্তানে বিরুদ্ধে ৪৭ রান করেন তিনি। কিন্তু, ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল থাকলে বিপক্ষ দলের বোলাররা খুবই চাপে থাকেন। কারণ, দু’জনেই মারকুটে ব্যাটার। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে ২ জন সাপোর্ট স্টাফকে নিয়ে ব্যাট করলেন গিল। প্রবল গরমকে উপেক্ষা করে কিছুক্ষণ ফিল্ডিং করতেও দেখা গেল তাঁকে।

এদিকে, শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। দুই দলই খুব ভালো ফর্মে রয়েছে। একদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৭ রানের বিধাল লক্ষ্য তাড়া করে জিতেছেন বাবররা। অন্যদিকে, আফগানিস্তানকে কার্যত একতরফাভাবে হারিয়েছে রোহিত ব্রিগেড। ফলে শনিবার যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তা বলাই বাহুল্য।



ডেঙ্গি কাটিয়ে অনুশীলনে গিল, পাক ম্যাচের আগে বিরাট স্বস্তিতে ভারতীয় শিবির
আফগানিস্তান ম্যাচে এক সঙ্গে তিনটি রেকর্ড করেছেন রোহিত শর্মা। কার্যত আফগান বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন হিট্ম্যান। আর এবার যদি শুভমন গিল তাঁর সঙ্গী হন তাহলে কিন্তু পাকিস্তানের বোলাররা বেশ চাপেই থাকবেন। অন্যদিকে, বিরাট কোহলি, কেএল রাহুলও ফর্মে আছেন। গিল বিশ্বকাপে ফিরলে ভারতীয় ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
দিল্লিতে আফগানিস্তানকে হারয়ে এখনও আহমেদাবাদে পৌঁছয়নি ভারতীয় দল। আজই সন্ধ্যের মধ্যে চলে আসার কথা রয়েছে। গিল একাই এদিন অনুশীলনে নেমে পড়লেন। তাঁকে দেখে মনে হল, তিনি আর কোনও ম্যাচ মিসস করতে চাইছেন না। তিনি পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন। তবে, তিনি খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।








