অক্ষরদের উপেক্ষা করে ‘চোখের মণি’কে ডাক! নেটদুনিয়ার কাঠগড়ায় গম্ভীর

ওয়াশিংটন সুন্দরের বদলে আয়ুষ বাদোনিকে দলে নেওয়া নিয়ে ক্ষোভ। অক্ষর প্যাটেলকে উপেক্ষা করে গম্ভীরের সিদ্ধান্তে উঠছে পক্ষপাতের অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জাতীয় দলে সুযোগ পেতে কি এখন পারফরম্যান্স বা অভিজ্ঞতার চেয়েও বেশি জরুরি গৌতম গম্ভীরের স্নেহ? সোমবার ভারতীয় দলে বদলি ক্রিকেটার ঘোষণার পর থেকেই এই প্রশ্নেই সরগরম সোশাল মিডিয়া। ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে তরুণ ব্যাটার আয়ুষ বাদোনি-কে দলে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনদের একাংশের সরাসরি অভিযোগ—এটা পারফরম্যান্সের নির্বাচন নয়, বরং ‘পক্ষপাতদুষ্ট’ সিদ্ধান্ত।

নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে চোট পেয়ে ছিটকে যান ঋষভ পন্থ। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই প্রথম ওয়ানডে চলাকালীন চোটে পড়েন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হয় তাঁকে। তাঁর পরিবর্ত হিসেবেই আগামী দু’টি ওয়ানডের জন্য দলে নেওয়া হয়েছে বাদোনিকে—আর সেখানেই শুরু বিতর্ক।

ঘরোয়া ফর্মই প্রশ্নের মুখে

চলতি বিজয় হাজারে ট্রফি-তে একেবারেই ছন্দে ছিলেন না দিল্লির এই ব্যাটার। তিন ইনিংসে মোট রান মাত্র ১৬। যদিও রনজি ট্রফি-তে তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি এবং দুলীপ ট্রফি-তেও রান রয়েছে। তবুও সাম্প্রতিক ফর্মের নিরিখে জাতীয় দলে ডাক কতটা যুক্তিযুক্ত—তা নিয়েই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

অনেকেরই অভিযোগ, গৌতম গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টস-এর মেন্টর ছিলেন, তখন থেকেই বাদোনি তাঁর ‘পছন্দের তালিকা’য় ছিলেন। সেই সূত্রেই এখন জাতীয় দলে জায়গা করে দিলেন—এমনই দাবি সোশাল মিডিয়ার একাংশের।

অক্ষরদের উপেক্ষা করে ‘চোখের মণি’কে ডাক! নেটদুনিয়ার কাঠগড়ায় গম্ভীর
আয়ুষ বাদোনি

অক্ষরকে উপেক্ষা কেন?

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই। মাঝেমধ্যে বল করলেও বাদোনি মূলত একজন ব্যাটার। সেখানে অক্ষর প্যাটেল-এর মতো অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার দলে থাকা সত্ত্বেও কেন সুন্দরের পরিবর্ত হিসেবে তাঁকে ভাবা হল না? সমর্থকদের একাংশের মতে, বাদোনির জাতীয় দলে খেলার যোগ্যতা রয়েছে ঠিকই, কিন্তু হয়তো আরও কিছুটা সময় পরে। অযথা তাড়াহুড়ো করে তাঁকে এনে বিতর্কে জড়িয়ে ফেলল টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, এই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আয়ুষ বাদোনি। কিন্তু অভিষেকের আনন্দের আগেই তাঁর নাম জড়িয়ে গেল পক্ষপাতিত্বের বিতর্কে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন