নজরবন্দি ব্যুরোঃ মকর সংক্রান্তির আগেই সাগরমেলায় রেকর্ড ভিড় কি শুধুই শীত কমের জন্যে? নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এটাই উষ্ণতম মকর সংক্রান্তি। প্রায় ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলল সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ এবার শীতকে বাদ দিয়েই পুণ্যস্নানে অংশ নিতে হবে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের। শুক্রবার বিকেল পর্যন্ত ৩১ লক্ষ পুণ্যার্থী এসে পৌঁছেছেন মেলাতে। বাবুঘাট, হাওড়া, লট নম্বর আট, কচুবেড়িয়ার পথে হাজার হাজার পুণ্যার্থী। শনিবার সকালে ভিড় আরও বাড়বে।
আরও পড়ুনঃ পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুয়ারি মাসে চরম বিপাকে গ্রাহকরা
শনিবার বিকেল থেকে এবারের মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ শুরু হবে। চলবে পরদিন রবিবার বিকেল পর্যন্ত। এবারের ভিড় ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান পুলিশের। গত দু’বছর করোনা অতিমারির জন্য আদালতের নির্দেশে ভিড়ের ওপর রাশ টানতে হয়েছিল। কিন্তু এবার কোনও বিধিনিষেধ না থাকায় ভিড় বেড়েছে কয়েকগুন। এ ছাড়া বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাত্রাপথ আগের থেকে অনেক মসৃণ করা হয়েছে। পরিকাঠামো বাড়ানো হয়েছে কয়েকগুন। যাত্রীনিবাস, পানীয় জল, অস্থায়ী শৌচাগারের সংখ্যাও বাড়ানো হয়েছে।

রাত পোহালেই মকর সংক্রান্তি। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করবেন। ইতিমধ্যেই বহু সংখ্যক পুণ্যার্থীও পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। তবে এ সবের মধ্যে বিপদ বাড়িয়েছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন-৮ নম্বর লটে।
শুক্রবার মেলায় চলে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিষ চক্রবর্তী, বঙ্কিম হাজারা। মেলা অফিসে সাংবাদিক বৈঠক করে অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী নিজে মেলার প্রস্তুতি ঘুরে দেখে গিয়েছেন। সেইসময় মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছিলেন। মকর স্নানের সময় সাগরতটে ৩৩টি হাইমাস লাইট লাগানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশী।’
এবারেও অনলাইনে পুজো দেওয়া ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুক্রবার পর্যন্ত ই-দর্শন করেছেন ৪০ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী। ই-স্নান করেছেন ১,১৩৪ জন। ই-পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার। এখনও পর্যন্ত ৩ জনকে হেলিকপ্টারে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আজ শনিবার ভোর থেকে ঘন কুয়াশার জন্য বন্ধ ভেসেল এবং বাস পরিসেবা। মানুষের ভিড়ে রেকর্ড গড়ার পথে গঙ্গাসাগর। গতকাল বিকেল থেকে সাগরমেলাতে ঢোকার ৩,৪ ও ৫ নম্বর রাস্তা দিয়ে অগুণতি মানুষের ঢেউ আছড়ে পড়েছে সাগর তটে।
একদিকে ঘন কুয়াশা অন্যদিকে উধাও শীত, তারমধ্যেই সাগরমেলার ভিড় চমকে দিল বিশ্ববাসীকে

পশ্চিমী ঝঞ্জার জেরে গতকাল থেকে ঠান্ডা উধাও। রাতভর কাকদ্বীপের লট নম্বর আট থেকে প্রচুর পুণ্যার্থী মেলাতে ঢোকার অপেক্ষায়। বাংলা ক্যালেন্ডার মতে, মকর সংক্রান্তির আগামিকাল অর্থাৎ রবিবার। মকর সংক্রান্তির পুন্যক্ষণের আগে ১৪ জানুয়ারি সাগরস্নানের রীতি দীর্ঘদিনের। অন্য বছরগুলিতে এই তারিখে মকর সংক্রান্তি হয়। ফলে এই দিনটিও পুণ্যার্থীদের কাছে পুণ্যক্ষণ। সেই ছবি ধরা পড়ছে আজ সকাল থেকে। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভোরের আলো ফোটার আগে থেকে সাগরস্নানে নেমে পড়েছেন।



