নজরবন্দী ব্যুরো: ফের শহরে ভুয়ো IAS অফিসারের হদিশ মিলল! একাধিক প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের জালে বেলেঘাটার বাসিন্দা শান্তকুমার মিত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের চার চাকার গাড়িতে নবান্ন, রাইটার্স বিল্ডিং রাজভবন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সহ একাধিক স্টিকার লাগানো ছিল।



প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই পুলিশের জালে ধরা পড়েছিল আরও এক ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব। আইএএস অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনের জালিয়াতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে তার নামে চার্জশিট জমা দিয়েছে ইডি।



পুলিশ সূত্রে খবর, ধৃত বেলেঘাটার বাসিন্দা। মাঝেমধ্যে হরিদেবপুর এলাকায় থাকন। সরকারি ফ্ল্যাট, ফরেন লিকার ও রেস্তো বারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। এরপরেই তার বিরুদ্ধে তদন্তে নামলে একটি হোটেলে আত্মগোপন করে সে। পরে পুলিশি তল্লাশিতে তাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ধৃতের কাছে থেকে বেশ কিছু অপরাধমূলক কাজকর্মের নথিও মিলেছে।
ফের শহরে ভুয়ো IAS অফিসার, বেশ কিছু অপরাধমূলক কাজকর্মের নথিও মিলেছে

উল্লেখ্য, ২০২২ সালে বড়তলা থানায় শান্তকুমার মিত্র নামে একজন আইএএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মঞ্জু ঘোষ নামে একজন। মঞ্জু ঘোষ অভিযোগ করে জানান, শান্তকুমার মিত্র নামে একজন আইএএস অফিসার মঞ্জু ঘোষ ও তাঁর মেয়েকে সরকারি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। ধৃত তাঁদের রাজারহাট মেগাসিটি জ্য়োতি বসু নগরে ‘ভিভিআইপি’ কোটায় কম টাকায় দু’টি সরকারি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন বলে মঞ্জুদেবীর থেকে ১১,৭৬,০০০ টাকা নেয়। কিন্তু টাকা নিলেও ফ্ল্যাট পাননি তাঁরা। পাননি লিকার লাইসেন্সও। এরপরেই শান্তকুমারের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ।







