লোকসভা নির্বাচনের আগে ফের একবার সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তলব করা হল মহুয়ার ‘প্রাক্তন বন্ধু’ ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও। বৃহস্পতিবার তাঁদের দিল্লিতে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দু’জনকে সামনাসামনি বসিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: ‘আশিতে আসিও না’, সল্টলেকে বৃদ্ধ দম্পতি খুনে চাঞ্চল্য শহরে


বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করে লোকসভার এথিক্স কমিটি। অভিযোগ ছিল, বন্ধু তথা ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। যদিও সে অভিযোগ অস্বীকার করে মহুয়া বলেছিলেন, তিনি কিছু ‘উপহার’ পেয়েছিলেন তাঁর বন্ধুর কাছ থেকে কিন্তু তার সঙ্গে সংসদে প্রশ্ন করার কোনও সম্পর্ক নেই।

সাংসদ পদ খারিজ হলেও এই মুহূর্তে মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের সুপারিশ করেছে সংসদ। সেই অনুযায়ী লোকপালের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এই মামলাতেই বৃহস্পতিবার মহুয়া ও হীরানন্দানিকে তলব করল ইডি।



মহুয়াকে তলব ইডির, ডাকা হল ‘বন্ধু’ দর্শনকেও, এবার মুখোমুখি বসিয়ে জেরা?
মহুয়াকে বহিষ্কার করা হলেও আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল। সেই কেন্দ্র থেকেই লোকসভার প্রচারে নামেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এজেন্সির ‘অতিসক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার তৃণমূলের মহুয়াকেও তলব করলেন গোয়েন্দারা।









