কালীঘাটে ‘ওয়াররুম’ থেকে নজরদারি: ভোটের দিন সক্রিয় মমতা-অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথম দফার ভোটে মাঠে না নামলেও নজরদারিতে কোনও খামতি রাখছেন না  মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই কালীঘাটের ‘ওয়াররুমে’ বসে ১৬ জেলার ১৫২টি আসনের ভোট পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোথাও সামান্য সমস্যা দেখা দিলেই জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নির্দেশও দিচ্ছেন তাঁরা।

সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ আপাতত শান্তিপূর্ণ বলেই দাবি শাসক শিবিরের। তবে সতর্কতায় কোনও ঢিলেমি নেই। সূত্রের খবর, প্রতিটি জেলার আপডেট নিয়মিত পৌঁছচ্ছে কালীঘাটে। সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনমতো সিদ্ধান্ত নিচ্ছেন মমতা ও অভিষেক।

গত এক মাস ধরে জেলায় জেলায় টানা প্রচারের পর ভোটের দিনে দু’জনেই প্রকাশ্য কর্মসূচি এড়িয়ে গিয়েছেন। বিকেলের দিকে দলনেত্রী চৌরঙ্গীতে এবং অভিষেক মেটিয়াবুরুজে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। তবে দিনের বড় অংশটাই তাঁরা কাটাচ্ছেন ‘ওয়াররুম’ পর্যবেক্ষণে।

প্রতিবারের মতো এবারও নিজস্ব সংগঠন ও নেটওয়ার্কের মাধ্যমে ভোটের খবর রাখছে তৃণমূল। তবে এবারের নির্বাচনকে ঘিরে বাড়তি সতর্কতা চোখে পড়ছে। বিশেষ করে ইভিএম নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোথাও ইভিএম সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে জেলা নেতৃত্বকে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসা রিপোর্ট বিশ্লেষণ করে সারাদিনের পরিস্থিতির উপর নজর রাখবেন দুই নেতা। সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত