পার হয়েছে ২৪ দিন। এখনও অধরা রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখ। আজ, ৩০ জানুয়ারি। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীর মূর্তি পাদদেশে মাল্যদান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘অধরা’ শাহজাহান শেখ (Shahjahan Seikh) সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি। রাজ্যপালের পাশাপাশি এদিন গান্ধীঘাটে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
আরও পড়ুন: অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!


সিভি আনন্দ বোসের (CV Anand Bose) কথায়, “আইনি পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ধৈর্য্য ধরতে হবে। আইনকে আইনের পথে চলবে। তদন্তকারী সংস্থাদের সময় দেওয়া হোক তদন্তের জন্য। তাঁরা ব্যর্থ হলে আমি হস্তক্ষেপ করব। হিংসা এবং দুর্নীতি- বাংলার এই দুই শত্রুর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে।”

এদিকে কেটে গেল ২৪ দিন। অথচ এখনও অধরা সন্দেশখালির বেতাজ ‘বাদশা’ শাহজাহান শেখ (Shahjahan Seikh)। সোমবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়ে যান তিনি। এদিকে আবার অন্তরালে থেকেই কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করলেন তিনি। শনিবার শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।



ইডি ‘ব্যর্থ’ হলে আমি হস্তক্ষেপ করব, অধরা শাহজাহানকে ‘খুঁজতে’ আসরে রাজ্যপাল!
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সূত্রেই উঠে আসে শেখ শাহজাহানের (Shahjahan Seikh) নাম। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা। সেখানেই শাহজাহানের অনুরাগীদের হাতে আক্রান্ত হতে হয় তাঁদের। এরপর থেকেই ‘নিখোঁজ’ সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ নেতা।

মাঝে বার দুয়েক শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছে ইডি। ব্যাপক তল্লাশি করেও উদ্ধার হয়নি কোনও গুরুত্বপূর্ণ নথি। এরই মধ্যে আবার প্রজাতন্ত্র দিবসে ফেসবুকে ‘অ্যাক্টিভ’ দেখা যায় শাহজাহানকে। আইপি অ্যাড্রেস ধরে ট্র্যাক শুরু করে ইডি। জানা যায়, শাহজাহানের (Shahjahan Seikh) অনুরাগীরাই এই পেজটি চালান। পরে সেই পোস্টটিও ডিলিট করে দেওয়া হয় পেজ থেকে। কিন্তু, এখনও প্রশ্ন, শেখ শাহাজহান এখন কোথায়?







