আগামী ১ জুন শেষ দফায় ভোটগ্রহণ। তার আগেই কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দেননি শওকত। তিনি ৪ জুন পর্যন্ত সময় চেয়েছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা


মঙ্গলবার শওকত মোল্লাকে চিঠি পাঠায় সিবিআই। সেখানেই বলা হয়, বুধবার হাজিরা দেবার জন্য। কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের কারণেই এই জরুরি তলব। কিন্তু, আগামী ১ জুন জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার, অর্থাৎ, দক্ষিণ ২৪ পরগনার সব কেন্দ্রে ভোটগ্রহণ। আর তৃণমূলের তরফে বিশেষ দায়িত্বেও রয়েছেন শওকত। ফলে, তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে বছর দুয়েক আগে এই মামলাতেই সিবিআই ডাকে শওকত মোল্লাকে। প্রথমবার তিনি হাজিরা এড়ালেও দ্বিতীয়বার হাজিরা দেন। সেবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে এজেন্সি। এবার আবার একবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে ডেকে পাঠাল সিবিআই। ভোটের আগে বিজেপির ষড়যন্ত্র বলে নিশানা করেছে রাজ্যের শাসক দল।



কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে তলব করল সিবিআই, ‘ভোটে ব্যস্ত’ বলে সময় চাইলেন তৃণমূল বিধায়ক
পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “শওকত মোল্লা সম্পূর্ণভাবে কয়লা কাণ্ডে জড়িত। তিনি বারবার এজেন্সিকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আমি গোয়েন্দাদের অনুরোধ করব, সে যেখানেই থাক তাঁকে চুলের মুঠি ধরে কেষ্টর (পড়ুন অনুব্রত মণ্ডল) মতো গারদে পুরে দেওয়া হোক। এতে সিবিআই-এর সুনাম হবে।”








