নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে নজিরবিহীন দুর্নীতিতে জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েও সিবিআই হাজিরা এড়াতে পারেন নি তিনি। গতকালই টানা সাড়ে ৩ ঘন্টা জেরার মুখে পড়েন তিনি। অবস্থা এমনই যে তাঁর বয়ানের সাথে স্কুল সার্ভিস কমিশনের যে উপদেষ্টা কমিটি রয়েছে তাঁর একাধিক সদস্যের বয়ান মেলেনি।
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলা, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা হবু শিক্ষকের!


সব মিলিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ কিছুক্ষণ আগেই যখন প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে SSC-ভবনে তল্লাশি চালানো শুরু করেছে CBI। তখন অন্যদিকে বিকেলেই সিবিআই এর হাত থেকে নিজেকে রক্ষা করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছেন পার্থ। সেখানে তাঁর আবেদন, এসএসসি দুর্নীতি মামলায় প্রথম থেকে তাঁকে ‘পক্ষ’ হিসাবে ঘোষণা করা হয়নি। অথচ এখন তাঁকে সিবিআই দফতরে যেতে বলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কড়া নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন পার্থ। তাঁর বিরুদ্ধে আগামিদিনে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়— শীর্ষ আদালতে সেই আবেদনও জানিয়েছেন তিনি। শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে।



অন্যদিকে গতকালই জানা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের সাথে যুক্ত একাধিক হেভিওয়েট নিজেকে রাজসাক্ষী করতে পারেন সিবিআই এড়ানোর জন্যে। সব মিলিয়ে যখন নজিরবিহীন পরিস্থিতি তখনই এমন ঘটনা ঘটল যা দেখে এই দুর্নীতিতে জড়িয়ে থাকা প্রত্যেক মানুষের রাতের ঘুম উড়বে। এদিন, প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে SSC-ভবনে তল্লাশি চালাল CBI।
প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে SSC-ভবনে তল্লাশি CBI-এর, সঙ্গে উপদেষ্টা পার্থ!

গতকালই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার, আর আজ তাঁকে নিয়েই এসএসসি ভবনে তল্লাশি চালতে গেল সিবিআই। প্রথমে আচার্য সদনের মূল ভবনে যান সিবিআই আধিকারিকরা তারপরে তাঁরা তল্লাশি চালান এসএসসির নব নির্মিত ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায়। সঙ্গে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান উপদেষ্টা পার্থ কর্মকার এবং সেক্রেটারি অর্ণব চট্টোপাধ্যায়।







