রাজনৈতিক পালাবদলের আবহে যখন টলিউডের একাংশের অবস্থান নিয়ে জোর চর্চা চলছে, সেই সময় নিজের মতাদর্শ নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাজের প্রয়োজনে কখনও তোষামোদ করেননি, ভবিষ্যতেও করবেন না। গেরুয়া ঝড়ের মধ্যেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি তিনি— সমাজমাধ্যমের পোস্টে সেই বার্তাই আরও একবার তুলে ধরলেন স্বস্তিকা।
বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটি পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করেন স্বস্তিকা। আর সেই পোস্ট ঘিরেই নতুন করে রাজনৈতিক অবস্থান ও শিল্পীমহলের চাপা ক্ষোভ নিয়ে আলোচনা শুরু হয়েছে।


অনিন্দ্য তাঁর পোস্টে লিখেছেন, “গত ১৫ বছরের অভিনয় জীবনে শাসক দলের হয়ে মঞ্চে ওঠার উত্তেজনা সম্বরণ করেছি। ওই লবিতে থাকলে হয়তো জীবনটা আরও নিরাপদ হত, কাজের পরিধিও বাড়তে পারত।”
তিনি আরও লেখেন, “ব্যাঙ্ক ব্যালেন্সের কথা না ভেবে স্ট্রাগল বেছে নেওয়া আমার মতো কিছু অভিনেতা যাতে শুধু নিজের কাজের উপর বিশ্বাস রেখে মাথা উঁচু করে ভবিষ্যতেও কাজ করতে পারি, সেটুকুই আশা রাখব।”
স্বস্তিকা সেই পোস্ট ভাগ করে কার্যত একই অবস্থানের কথা স্পষ্ট করেন। তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে কাজের সুযোগ পাওয়া বা হারানোর যে অভিযোগ টলিউডে ঘুরে বেড়াচ্ছিল, এই পোস্ট তারই প্রতিফলন।


ইতিমধ্যেই ভোট-পরবর্তী পরিস্থিতিতে টলিউডের ‘ব্যান সংস্কৃতি’, রাজনৈতিক বিভাজন এবং শিল্পীদের স্বাধীনতা নিয়ে একাধিক অভিনেতা-পরিচালক মুখ খুলেছেন। সেই তালিকায় এবার আরও জোরালোভাবে উঠে এল স্বস্তিকা দত্তর নামও।
রাজনৈতিক পরিবর্তনের পর টলিউডে কাজের পরিবেশ আদৌ বদলাবে কি না, সেই প্রশ্ন এখন ঘুরছে স্টুডিয়োপাড়ার অন্দরে। তবে স্বস্তিকার বার্তায় স্পষ্ট— ক্ষমতা বদলালেও নিজের মতাদর্শ বা অবস্থান বদলাতে নারাজ তিনি।








