সদ্য় শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আগামিকাল, ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। তবে ভোটের ফল প্রকাশের আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এক্সিট পোলও আভাস দিয়েছে যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তথা এনডিএ সরকারই। সেই কারণেই আগেভাগেই বিজয়োৎসব পালনের নজিরবিহীন প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
আরও পড়ুনঃ লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা



এক্সিট পোলের ফলাফল মিললে রেকর্ড গড়বেন মোদি। স্বাভাবিকভাবেই এই মেগা জয়ের সেলিব্রেশনও হবে মেগা। রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। গণনা এবং গণনা পরবর্তী সেলিব্রেশন নিয়ে বৈঠকে বসেছেন বিজেপির শীর্ষ নেতারা। যদিও বিজেপির অন্দরের খবর, দিল্লিতে চলতি তাপপ্রবাহের জন্য ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারের মতো ইন্ডোর হল-কেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল।



জানা গিয়েছে, মেগা ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য এবং ধারা তুলে ধরা হতে পারে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতারা। সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিনও মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি।এদিকে রাষ্ট্রপতি ভবনেও শুরু শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি।
ফল প্রকাশের আগেই মেগা সেলিব্রেশনের আগাম প্রস্তুতি বিজেপি-র

গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে কাঠামো তৈরির কাজ। কয়েক লক্ষ টাকার ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে রাষ্ট্রপতি ভবন। কাজ করছে কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ। অন্যদিকে, নবনির্বাচিত সাংসদদের দিল্লিতে আসা এবং থাকার জন্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লোকসভা সচিবালয়। সব মিলিয়ে ফল প্রকাশের আগেই জোর প্রস্তুতি দিল্লির বিজেপির।







