পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে বড় পরিবর্তন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাড়ির সামনে। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাসভবনের সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, ফলে বহুদিন পর আবার সেই রাস্তায় অবাধ যাতায়াত শুরু হয়েছে সাধারণ মানুষের।
৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট—এই ঠিকানাই বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও এবং পরে দীর্ঘদিন এই বাড়িতেই থেকেছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে বাড়ির বাইরের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ২০১৬ সালের পর থেকে ওই এলাকা কার্যত ‘নো-এন্ট্রি জোন’-এ পরিণত হয়েছিল।


মেইন রোড থেকে ঢুকতে গেলে গার্ডরেল পেরিয়ে পরিচয় জানাতে হত। স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রেও ছিল কড়া নজরদারি, আর বাইরের কাউকে ঢুকতে হলে কারণ জানানো বাধ্যতামূলক ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর সেই কড়াকড়িতে বড় শিথিলতা এসেছে। এখন গার্ডরেল উঠে যাওয়ায় রাস্তাটি আবার স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য হয়েছে।
তবে পুরোপুরি নিরাপত্তাহীন নয় এলাকা। গলির মুখে এখনও পুলিশ মোতায়েন রয়েছে এবং নজরদারি ব্যবস্থাও বজায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, অতীতে একাধিকবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই বাড়িকে কেন্দ্র করে। সন্দেহভাজন ব্যক্তির প্রবেশ, এমনকি অস্ত্রসহ ঢোকার অভিযোগও সামনে এসেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল বিভিন্ন সময়ে। এমনকি কয়েক মাস আগে কিছু অচেনা ব্যক্তি সিসিটিভি ক্যামেরার দিক ঘোরানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ ওঠে, যা নতুন করে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিল।


বর্তমান পরিস্থিতিতে গার্ডরেল সরানো শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।







