বারবার হাজিরা এড়ানোর পর অবশেষে ইডির দপ্তরে ডিসিপি শান্তনু সিনহা, তদন্তে নতুন মোড়

ইডির বারবার তলব এড়ানোর পর অবশেষে হাজিরা কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের, তদন্তে বড় অগ্রগতির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন তলব এড়ানোর পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দপ্তরে হাজির হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। কালীঘাট থানার প্রাক্তন ওসি-র এই উপস্থিতি ঘিরে তদন্তে নতুন গতি আসার ইঙ্গিত মিলছে।

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন শান্তনু। সূত্রের খবর, তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি এতদিন হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। গত ২৮ এপ্রিলও ইডি-র নোটিস সত্ত্বেও তিনি উপস্থিত হননি। এর পরেই তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে, যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।

এই সার্কুলার দেশের সমস্ত বিমানবন্দর এবং সীমান্ত চৌকিগুলিতে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবুও তিনি তদন্তে সহযোগিতা না করায় বুধবার তাঁর অবস্থান জানতে ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি পাঠায় ইডি। সেই চাপের মধ্যেই অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজির হন এই পুলিশকর্তা।

তদন্তের সূত্রে জানা গিয়েছে, গোলপার্কের ব্যবসায়ী ‘সোনা পাপ্পু’-র বিরুদ্ধে জমি দখল ও তোলাবাজির অভিযোগের তদন্ত করতে গিয়েই শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। পরে বেহালার এক ব্যবসায়ী জয় কামদারের গ্রেপ্তারের পর আর্থিক তছরুপ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় ইডি, যেখানে শান্তনুর যোগসূত্রের ইঙ্গিত মিলেছে বলে দাবি।

এই পরিস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডাকা হচ্ছিল। অবশেষে তাঁর হাজিরা তদন্তের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত