অপেক্ষার অবসান। প্রকাশিত হল আইএসএল ২০২৬-২৭ মরসুমের প্রথম পর্বের সূচি। আগামী ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মরসুম। উদ্বোধনী দিনেই রয়েছে জোড়া ম্যাচ। সেদিনই ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসি মুখোমুখি হবে।
কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্যও এল বহু প্রতীক্ষিত খবর। ১২ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএলে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর ব্যস্ততার কারণে প্রথম রাউন্ডে খেলছে না ইস্টবেঙ্গল। লাল-হলুদের আইএসএল অভিযান শুরু হবে ১৮ অক্টোবর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য কলকাতা ডার্বি। সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
১২ অক্টোবর শুরু মোহনবাগানের অভিযান
নতুন আইএসএল মরসুমে প্রথম মাঠে নামছে মোহনবাগান। ১২ অক্টোবর গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে সবুজ-মেরুনের অভিযান।
এরপর ১৬ অক্টোবর নয়াদিল্লিতে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। কলকাতায় তাদের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। এরপর ৩১ অক্টোবর পাঞ্জাব এফসি এবং ৫ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে তারা।
২২ নভেম্বর মারগাঁওয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মোহনবাগানের। এরপরই আসবে মরসুমের প্রথম ডার্বি।
২৯ নভেম্বর প্রথম আইএসএল ডার্বি
ফুটবলপ্রেমীদের নজর এখন ২৯ নভেম্বরের দিকে। ওই দিন কলকাতায় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
দুই দলের সমর্থকদের কাছে মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই ডার্বি। সূচি অনুযায়ী, প্রথম পর্বের কলকাতা ডার্বি হবে নভেম্বরের শেষ রবিবার।
এর আগে ২০২৫-২৬ মরসুমের শেষ আইএসএল ডার্বি ১৭ মে হয়েছিল এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
১৮ অক্টোবর মাঠে নামছে ইস্টবেঙ্গল
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর ম্যাচ থাকায় আইএসএলের প্রথম রাউন্ডে নামছে না ইস্টবেঙ্গল। ১৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের আল শর্টার বিরুদ্ধে এএফসি ম্যাচ রয়েছে লাল-হলুদের।
তাই আইএসএলে তাদের প্রথম ম্যাচ ১৮ অক্টোবর। মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে বিকেল ৫টায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেতাব ধরে রাখার অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।
২৩ অক্টোবর একই ভেন্যুতে ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের। এরপর ৭ নভেম্বর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।
কলকাতায় ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২০ নভেম্বর স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
প্রথম পর্বে কবে কবে খেলবে মোহনবাগান?
১২ অক্টোবর — নর্থইস্ট ইউনাইটেড, গুয়াহাটি, সন্ধ্যা ৭.৩০
১৬ অক্টোবর — স্পোর্টিং ক্লাব দিল্লি, নয়াদিল্লি, সন্ধ্যা ৭.৩০
২৬ অক্টোবর — চেন্নাইয়িন এফসি, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
৩১ অক্টোবর — পাঞ্জাব এফসি, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
৫ নভেম্বর — ওড়িশা এফসি, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
২২ নভেম্বর — চার্চিল ব্রাদার্স, মারগাঁও, সন্ধ্যা ৭.৩০
২৯ নভেম্বর — ইস্টবেঙ্গল, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
৫ ডিসেম্বর — ইন্টার কাশী, রাঁচি, সন্ধ্যা ৭.৩০
৯ ডিসেম্বর — বেঙ্গালুরু এফসি, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
১৭ ডিসেম্বর — মুম্বই সিটি এফসি, আন্ধেরি, বিকেল ৫টা
২২ ডিসেম্বর — এফসি গোয়া, মারগাঁও, সন্ধ্যা ৭.৩০
প্রথম পর্বে ইস্টবেঙ্গলের সূচি
১৮ অক্টোবর — চার্চিল ব্রাদার্স, মারগাঁও, বিকেল ৫টা
২৩ অক্টোবর — ইন্টার কাশী, রাঁচি, বিকেল ৫টা
৭ নভেম্বর — চেন্নাইয়িন এফসি, চেন্নাই, সন্ধ্যা ৭.৩০
২০ নভেম্বর — স্পোর্টিং ক্লাব দিল্লি, কলকাতা, বিকেল ৫টা
২৯ নভেম্বর — মোহনবাগান, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
৪ ডিসেম্বর — পাঞ্জাব এফসি, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
১৩ ডিসেম্বর — মুম্বই সিটি এফসি, আন্ধেরি, বিকেল ৫টা
১৭ ডিসেম্বর — বেঙ্গালুরু এফসি, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭.৩০
২১ ডিসেম্বর — নর্থইস্ট ইউনাইটেড, কলকাতা, সন্ধ্যা ৭.৩০
৩ জানুয়ারি — ওড়িশা এফসি, কলকাতা, বিকেল ৫টা
মণিপুরেও ফিরছে আইএসএল
নতুন মরসুমে মণিপুরেও ফিরছে আইএসএল। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লির।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচ অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ ম্যাচ শুক্রবার, শনিবার ও রবিবারে রাখা হয়েছে। অধিকাংশ ম্যাচ শুরু হবে বিকেল ৫টা অথবা সন্ধ্যা সাড়ে ৭টায়।
আইএসএলের নতুন মরসুমে ১৩টি ক্লাব অংশ নিচ্ছে এবং পূর্ণ হোম-অ্যাওয়ে ফরম্যাটে লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে অক্টোবর থেকেই জমে উঠবে ভারতীয় ফুটবলের মরসুম। তবে কলকাতার ফুটবলপ্রেমীদের নজর আপাতত ২৯ নভেম্বরের দিকেই—যেদিন প্রথমবার চলতি আইএসএল মরসুমে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।



