নজরবন্দি ব্যুরো: এবার আরও একটা ঐতিহাসিক বিল আনার পথে অগ্রসর হল বিজেপি সরকার। সকল সরকারি মাদ্রাসাগুলি তুলে দেওয়ার পক্ষে বিধানসভায় বিল আনতে চলেছে অসম বিজেপি সরকার। অসম সরকারের প্রস্তাব অনুযায়ী, সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে বদলে ফেলা হবে। সোমবারই এই বিল বিধানসভায় পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে কংগ্রেস, নেই রাহুল গান্ধী, উঠল তিব্র নিন্দার ঝড়
বিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ এপ্রিল, ২০২১ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। যদিও বিরোধীরা এই বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে। সেই আপত্তি অগ্রাহ্য করেই বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
এই বিল অনুযায়ী, অসমে মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত দু’টি আইন অবলুপ্ত করার কথা বলা হয়েছে। তবে এই বিল আইনে পরিণত হলেও সরকারি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধায় কোনও পরিবর্তন হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। তিনি এ বিষয়ে জানিয়েছেন, সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে উচ্চ প্রাথমিক, দশম এবং দ্বাদশ শ্রেণির স্কুলে বদলে ফেলা হবে। অসমে মোট ৬১০টি সরকারি মাদ্রাসা রয়েছে।
তুলে দেওয়া হবে সব সরকারি মাদ্রাসা, বিধানসভায় শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দের বিষয়ে আলোচনা চলাকালীন অসম সরকার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। অসমের শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত টোলগুলি-ও বন্ধ করে দেওয়া হবে। কারণ, জনসাধারণের অর্থে ধর্মীয় শিক্ষায় বন্ধ করতে চায় সরকার। সরকারি প্রতিবেদন অনুযায়ী অসমে ৬১৪টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে।



