মিতালীর উপর হামলার পর অভিষেকের হুঁশিয়ারি: ‘খেলা শুরু ওরা করেছে, শেষ আমি করব ৪ তারিখ’

মিতালী বাগের উপর হামলার জেরে আরামবাগে উত্তেজনা, সভা মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরামবাগে তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনার রেশ পৌঁছল সরাসরি মঞ্চে। সভা শুরুর আগেই আহত সাংসদের সঙ্গে দেখা করে কড়া বার্তা দিলেন অভিষেক—ভোটের ফল ঘোষণার দিনই ‘জবাব’ দেওয়া হবে। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে।

অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলা চালানো হয়। ভাঙা কাচে জখম হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিষেক মঞ্চ থেকে জানান, “ওঁর শরীরের বিভিন্ন জায়গায় কাচ ঢুকে গেছে, হাত-পা ও কোমরে আঘাত লেগেছে।”

এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে তিনি বলেন, “খেলা যখন ওরা শুরু করেছে, শেষটা আমি করব ৪ তারিখ—কথা দিলাম।” পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে দাবি করেন, সিপিএমের পুরনো কর্মীরাই এখন বিজেপির ছত্রছায়ায় কাজ করছে। “জার্সি পাল্টে কাস্তে-হাতুড়ি ছেড়ে পদ্মফুলে আশ্রয় নিয়েছে,”—মন্তব্য তাঁর।

অভিষেক আরও দাবি করেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তার প্রাথমিক তথ্য তাঁর হাতে রয়েছে এবং প্রয়োজন হলে নামও প্রকাশ করবেন। একই সঙ্গে অতীতের নির্বাচনী ফলের প্রসঙ্গ টেনে বলেন, “গতবার কয়েকটি আসনে হেরেছিলাম, কিন্তু উদারতায় ছেড়ে দিয়েছিলাম। এবার আমি নিজে দায়িত্বে থাকব।”

এই হুমকির সুরে তিনি স্পষ্ট করে দেন, ৪ তারিখের ফল ঘোষণার পর ‘কার কত ক্ষমতা’ তা বোঝা যাবে।

এদিকে, এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্যান্য নেতারাও সরব। রাজ্যসভার সাংসদ সান্তনু সেন দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির-র সভার ২৪ ঘণ্টার মধ্যেই এই হামলা হয়েছে, যা পরিকল্পিত।

অন্যদিকে সাগরিকা ঘোষ বলেন, “নারীশক্তির কথা বলা হলেও বাস্তবে এক মহিলা সাংসদের উপর হামলা হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP

ভোটের আগে এই হামলা ও পাল্টা হুঁশিয়ারি ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন