রণসংকল্প সভার রাজনীতি ছাপিয়ে মানবিক মুহূর্তে রামপুরহাট। বর্ধমানের সোনালি বিবির সঙ্গে দেখা করে তাঁর সদ্যোজাত পুত্রসন্তানের নাম রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম—‘আপন’। সঙ্গে সঙ্গে ফের তীব্র ভাষায় সরব হলেন বাঙালি হেনস্তা ও ‘পুশব্যাক’ ইস্যুতে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ।
সোমবার রামপুরহাট মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। আগেই জানিয়েছিলেন, সুযোগ পেলে তাঁর সঙ্গে দেখা করবেন অভিষেক। মঙ্গলবার রামপুরহাটে তৃণমূলের সভা থাকলেও হেলিকপ্টার সমস্যায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি। সভা শেষ করেই সোজা হাসপাতালে যান সাংসদ। প্রটোকল মেনে সদ্যোজাতের কাছে না গিয়ে সোনালি ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেন তিনি।


হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক জানান, সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নামকরণের অনুরোধ করেন। সেই অনুরোধেই শিশুর নাম রাখা হয় ‘আপন’। অভিষেকের কথায়, “যে ভাবে ওঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনার বাইরে। এরা সবাই আমাদের আপন—এই ভাবনা থেকেই নামটা রাখা।”
একই সঙ্গে সোনালি বিবির উপর হওয়া নির্যাতনের অভিযোগে ফের সরব হন তিনি। তৃণমূল সাংসদের দাবি, শুধুমাত্র বাংলা বলার ‘অপরাধে’ সোনালি বিবিকে সন্তান-সহ বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। পরে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের ফিরিয়ে আনা হয়। অভিষেকের অভিযোগ, এই ঘটনায় শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে।
তাঁর বক্তব্য, “বাংলা বলার অপরাধে একজন প্রসূতি মাকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশের পর তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। এই চোখের জলের দাম বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।” এই ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের রাজনৈতিক চাপ বাড়ালেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।









