ক্ষমতার পালাবদলের ছাপ এবার স্পষ্ট রাজ্যের প্রশাসনিক স্থাপত্যেও। নবান্ন ও মহাকরণের পর এবার গেরুয়া আলোকসজ্জায় সেজে উঠল রাজ্য বিধানসভা ভবন। বিশেষ অধিবেশন শুরুর আগেই এই রংবদল ঘিরে রাজনৈতিক বার্তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।
বুধবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। তার আগে রাতারাতি গেরুয়া আলোয় সাজানো হয়েছে গোটা বিধানসভা চত্বর। শুধু ভবনই নয়, আশপাশের রেলিং, গার্ডরেল, পুলিশ কিয়স্ক—সবেতেই এখন সাদা-গেরুয়ার ছোঁয়া। রাজ্যের নতুন সরকারের আমলে এই রংবদল যে পরিকল্পিত, তা বলছেন পর্যবেক্ষকরা।
এর আগেই একইভাবে গেরুয়া আলোকসজ্জায় সেজে উঠেছিল নবান্ন এবং মহাকরণ (রাইটার্স বিল্ডিং)। সেই ধারাবাহিকতায় এবার বিধানসভা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি শুধুই সৌন্দর্যায়ন নয়—বরং নতুন প্রশাসনিক পরিচয়ের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে এই পরিবর্তনকে।
প্রসঙ্গত, এই বিশেষ অধিবেশনে নবনির্বাচিত বিধায়কেরা প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে শপথ নেবেন। বুধবার ও বৃহস্পতিবার শপথগ্রহণ পর্বের পর শুক্রবার হবে স্পিকার নির্বাচন। সেই গুরুত্বপূর্ণ অধিবেশন ঘিরেই বিধানসভা চত্বরকে নতুন সাজে সাজানো হয়েছে।
শহর কলকাতা এবং গঙ্গাপারের হাওড়া জুড়েও ইতিমধ্যেই চোখে পড়ছে এই পরিবর্তন। নীল-সাদা রঙের জায়গায় ক্রমশ জায়গা নিচ্ছে সাদা-গেরুয়া। রাস্তার ডিভাইডার থেকে শুরু করে সরকারি অবকাঠামো—সবখানেই এই নতুন রঙের উপস্থিতি স্পষ্ট।



