প্লে-অফের আগে বড় ধাক্কা! আরসিবি ম্যাচে বরুণকে নিয়ে অনিশ্চয়তায় কেকেআর

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বরুণ চক্রবর্তীর চোট বাড়াচ্ছে চিন্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্লে-অফের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে KKR। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কার মুখে নাইট শিবির। চোটের কারণে বুধবার RCB-র বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত দলের অন্যতম ভরসার স্পিনার বরুণ চক্রবর্তী। টানা দু’ম্যাচ যন্ত্রণা নিয়েই খেলেছেন তিনি। এবার তাঁর মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। প্রথম ছ’ম্যাচে জয়ের মুখ দেখেনি দল। চোট-আঘাত এবং একাধিক ক্রিকেটারের খারাপ ফর্মে কার্যত দিশাহারা ছিল নাইট ব্রিগেড। শুরুতেই চোট পান হর্ষিত রানা। অন্যদিকে পুরো মরশুমে পাওয়া যায়নি মুস্তাফিজুর রহমানকে। দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন পাথিরানাও।

তবে সব প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। শেষ চার ম্যাচে টানা চার জয় তুলে নিয়ে আবার প্লে-অফের দৌড়ে ফিরেছে তারা। এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে নাইটদের। সবক’টি জিততে পারলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে দল, যা প্লে-অফের দরজা খুলে দিতে পারে।

কিন্তু ঠিক এই সময়েই চিন্তা বাড়াচ্ছে বরুণের চোট। জানা গিয়েছে, পায়ে গুরুতর অস্বস্তি নিয়েই শেষ দু’টি ম্যাচে বল করেছেন তিনি। এমনকি এখন তাঁকে ব্যান্ডেজ বেঁধে হাঁটতে হচ্ছে বলেও খবর।

নাইট শিবির সূত্রে জানা গিয়েছে, দলের মেডিক্যাল টিম এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত বরুণকে খেলানোর চেষ্টা চালাবে টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন বলেন, “শেষ দু’ম্যাচ যন্ত্রণা নিয়েই খেলেছে বরুণ। এখনও ওর পায়ে অস্বস্তি রয়েছে। তা সত্ত্বেও দুর্দান্ত বল করছে। আমরা আশাবাদী, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”

ওয়াটসনের বক্তব্য থেকেই স্পষ্ট, বরুণকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কেকেআর। ম্যাচের দিন তাঁর শারীরিক অবস্থার উপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত