‘বিজেপি সংখ্যালঘুদের শত্রু নয়’, বড় বার্তা শমীক ভট্টাচার্যের

সংখ্যালঘুরাও বিজেপিকে সমর্থন করেছেন বলে দাবি শমীক ভট্টাচার্যের। উন্নয়নে ধর্মভিত্তিক কোনও ভেদাভেদ হবে না বলেও আশ্বাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে ১৫ বছর পর রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে। তার মধ্যে অন্যতম— সংখ্যালঘু ভোটের একটা অংশ কি এ বার বিজেপির দিকে ঝুঁকেছিল? সেই বিতর্কের মাঝেই মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি কোনও ধর্মের বিরুদ্ধে রাজনীতি করে না। একইসঙ্গে উন্নয়নের ক্ষেত্রে হিন্দু-মুসলমান ভেদাভেদ হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শমীক বলেন, “এই নির্বাচন ছিল হিন্দু বাঙালির জন্য শেষ নির্বাচন। একইসঙ্গে প্রগতিশীল, মুক্তমনা, শিক্ষিত মুসলমানদের জন্যও এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।”

সংখ্যালঘু ভোট কি পেয়েছে বিজেপি?

সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে এসেছে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেও শমীক বলেন, “একদম সংখ্যালঘুরা একটাও ভোট দেননি, এটা আমি বিশ্বাস করি না। সংখ্যালঘুরাও সমর্থন করেছেন।”

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক ধারণা তৈরি হয়েছিল যে, শুধুমাত্র মুসলিম ভোটের উপর নির্ভর করেই ক্ষমতায় ফেরা সম্ভব। সেই ধারণা ভাঙতেই চেয়েছিল বিজেপি।

শমীকের কথায়, “আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে, শুধুমাত্র ২৫-৩০ শতাংশ মুসলিম ভোটের উপর নির্ভর করেই রাজনৈতিক শক্তির সমীকরণ তৈরি হয় না।”

‘আমাদের লড়াই মৌলবাদের বিরুদ্ধে’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “আমি প্রথম দিন থেকেই বলেছি, বিজেপি তোমাদের শত্রু নয়। আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়।”

তিনি আরও বলেন, “আমাদের লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই জেহাদি মানসিকতা এবং মৌলবাদের বিরুদ্ধে।”

হিন্দুদের একাংশকেও সতর্কবার্তা

শুধু সংখ্যালঘুদের নয়, হিন্দুদের একাংশকেও কড়া বার্তা দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, “কেউ যদি মনে করেন ত্রিশূল নিয়ে রাস্তায় নেমে উগ্রতা দেখাবেন এবং সরকারকে নিয়ন্ত্রণ করবেন, সেটাও হবে না।”

নতুন সরকার কোনও ধরনের উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘উন্নয়নে কোনও ভেদাভেদ হবে না’

উন্নয়নের ক্ষেত্রে ধর্মীয় বিভাজনের প্রশ্নও উড়িয়ে দিয়েছেন শমীক। তাঁর কথায়, “আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে মানুষকে দেখি। কোনও হিন্দুর জন্য আলাদা কিছু নয়, কোনও মুসলমানের জন্যও আলাদা কিছু নয়।”

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি কোনও সংখ্যালঘু প্রার্থী দেয়নি। ফলে নতুন মন্ত্রিসভাতেও কোনও সংখ্যালঘু মুখ নেই। তবে তাতেও সংখ্যালঘু উন্নয়নে সমস্যা হবে না বলেই দাবি শমীকের।

তিনি বলেন, “সংখ্যালঘু না হয়েও সংখ্যালঘুদের উন্নয়ন করা যায়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত