৩৮ বছরেই মৃত্যু মুলায়ম-পুত্র প্রতীকের! অখিলেশের ভাইয়ের অকালপ্রয়াণে বাড়ছে রহস্য

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। অসুস্থতার পর আচমকা মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য ও জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। মঙ্গলবার গভীর রাতে তাঁকে অচৈতন্য অবস্থায় লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এত কম বয়সে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফেও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি। ফলে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজবাদী পার্টির অন্দরে ঘনীভূত হচ্ছে রহস্য।

সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন প্রতীক। এক সপ্তাহ আগে তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

প্রতীকের চিকিৎসার সময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা তাঁর দাদা অখিলেশ যাদব এবং সাংসদ  ডিম্পল যাদব। পরিবারের সদস্যরা আশাবাদী ছিলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয় বলে জানা গিয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে দাবি, রাতে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রতীক। এরপর দ্রুত তাঁকে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে আর বাঁচাতে পারেননি।

প্রতীক যাদব রাজনীতির সক্রিয় মঞ্চে খুব বেশি দেখা না গেলেও যাদব পরিবারের অন্যতম পরিচিত মুখ ছিলেন। ব্যবসা এবং ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সময় কাটাতেন তিনি। ফলে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যাদব পরিবারে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—অবশেষে কী কারণে মৃত্যু হল প্রতীকের? অসুস্থতা, নাকি অন্য কোনও শারীরিক জটিলতা? সেই উত্তর এখনও মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই হয়তো স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত