আজ থেকেই শুরু হল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জেলা সফর। নতুন বছরের শুরুতেই দলীয় সংগঠনকে আরও সক্রিয় ও সংহত করতে জানুয়ারি মাসজুড়ে রাজ্যের একাধিক জেলায় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। সেই সফরের সূচনা হচ্ছে আজ, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে।
প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, বারুইপুর-এর ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে দুপুরে একটি জনসভা করবেন তিনি। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, দলীয় কর্মীদের মনোবল বাড়ানো এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তুলে ধরাই এই সভার মূল উদ্দেশ্য।


গোটা জানুয়ারি মাস জুড়ে অভিষেকের জেলা সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। একদিকে সাংগঠনিক বার্তা, অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান—এই সভাগুলিতে কী সুর শোনা যায়, সেদিকেই নজর থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলায় প্রথম সভা থেকে কী বার্তা উঠে আসে, তা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মত পর্যবেক্ষকদের।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশের মতে, এই জেলা সফরের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার পাশাপাশি কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চাইছেন অভিষেক। বারুইপুরের সভা সেই বৃহত্তর কর্মসূচিরই প্রথম ধাপ।









