পড়াশোনার ফাঁকে খাবারের খোঁজ, আর চোখে আকাশভরা তারার স্বপ্ন—এই দুই নিয়েই এগিয়ে চলা আদৃত পালই এ বছরের উচ্চ মাধ্যমিকের সেরা। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে নজর কেড়েছেন বরাহনগরের এই কৃতী, যিনি ভবিষ্যতে জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণার স্বপ্ন দেখছেন।
রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুরের আবাসিক ছাত্র আদৃত জানান, প্রথম হবেন এমন প্রত্যাশা তাঁর ছিল না। মাধ্যমিকে একাদশ স্থান পাওয়ার পর থেকেই নিজের ভুলগুলো চিহ্নিত করে নতুন করে প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর কথায়, “মাধ্যমিকে কিছু ছোট ভুলের জন্য নম্বর কমেছিল। তাই উচ্চ মাধ্যমিকে সেই ভুলগুলো আর না করার চেষ্টা করেছি।”
ছোট পরিবার—মা, বাবা আর তিনি। তবে পড়াশোনার বড় অংশটাই কেটেছে আবাসিক স্কুলের নিয়মের মধ্যে। নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা, খেলাধুলা—সব মিলিয়ে গড়ে উঠেছে তাঁর রুটিন। ঘড়ি ধরে পড়তে না ভালবাসলেও স্কুলের পরিবেশ তাঁকে শৃঙ্খলার মধ্যে রেখেছে।
পড়াশোনার পাশাপাশি আদৃতের আর একটি বিশেষ পরিচয়—তিনি একজন ‘খাদ্যরসিক’। পড়ার ফাঁকে ফাঁকেই খোঁজ করেন বাড়িতে কী সুস্বাদু খাবার আছে। বিশেষ করে মায়ের হাতের রান্না তাঁর প্রিয়। নতুন নতুন স্বাদের প্রতি তাঁর কৌতূহলও প্রবল।
তবে এই ‘ফুডি’ টপারের চোখে এখন বড় স্বপ্ন—জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা। আকাশের তারা তাঁর বরাবরের আগ্রহের বিষয়। সেই আগ্রহ থেকেই ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করতে চান তিনি।
নিজের সাফল্যের কৃতিত্ব পরিবার ও স্কুলকে দিয়েছেন আদৃত। তাঁর মতে, এই দুইয়ের সমর্থন না থাকলে এত বড় সাফল্য সম্ভব হত না। এখন লক্ষ্য আরও বড়—নিজের স্বপ্নপূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।



